Logo
×

Follow Us

ভিসা তথ্য

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৪:৫৬

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসার শর্ত লঙ্ঘনের বিষয়ে আরো কঠোর অবস্থান নিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণকালে চিকিৎসার ব্যয় মেটাতে কোনো বিদেশি নাগরিক সরকারি আর্থিক সহায়তা বা অনুদান নিলে তা ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হবে। এ ধরনের লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন।

শনিবার (৭ নভেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় দূতাবাস জানায়, ভিসার যথাযথ ব্যবহার এবং এর সব শর্ত মেনে চলার দায়িত্ব সম্পূর্ণভাবে ভ্রমণকারীর। তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করার আগে ভিসাসংক্রান্ত নিয়ম ও বিধিনিষেধ সম্পর্কে ভালোভাবে জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, ভ্রমণকারীদের পাসপোর্টে উল্লেখ করা ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) বা অনুমোদিত অবস্থানের শেষ তারিখের মধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এ সময়সীমা যাচাইয়ের জন্য i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেয়া হয়।

এছাড়া গত ২৮ অক্টোবর প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে স্পষ্ট করা হয়। এতে বলা হয়, এ ধরনের ভিসায় ব্যবসায়িক বৈঠক, সভা ও চুক্তি নিয়ে আলোচনা করা গেলেও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চাকরি বা অন্য কোনো ধরনের কাজ করার সুযোগ নেই। এ জন্য উপযুক্ত কর্মসংস্থান ভিসা নিতে হবে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত শর্ত ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

Logo