সৌদি আরবে গৃহকর্মীদের আকামা নবায়নে তিন মাসের নতুন সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৫৫
সৌদি আরব গৃহকর্মীদের জন্য আকামা বা রেসিডেন্সি পারমিট নবায়নে নতুন ব্যবস্থা চালু করেছে। এখন থেকে নিয়োগকর্তারা চাইলে তিন মাস মেয়াদে আকামা নবায়ন করতে পারবেন। এ পদক্ষেপ নিয়োগকর্তাদের আর্থিক চাপ কমাতে এবং গৃহকর্মীদের জন্য আরো নমনীয় সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর সহযোগিতায় এ সেবা চালু করা হয়েছে। নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা তিন, ছয়, নয়, ১২, ১৫, ১৮, ২১ বা ২৪ মাস মেয়াদে আকামা নবায়ন করতে পারবেন। নবায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইন প্ল্যাটফর্ম ‘আবশির’-এর মাধ্যমে।
আগে গৃহকর্মীদের আকামা নবায়ন সাধারণত এক বা দুই বছরের জন্য সীমাবদ্ধ ছিল। ফলে নিয়োগকর্তাদের একসঙ্গে বড় অঙ্কের ফি পরিশোধ করতে হতো। নতুন ব্যবস্থায় তিন মাস বা তিন মাসের গুণিতকে নবায়ন করা যাবে, অর্থাৎ ফি কিস্তিতে পরিশোধ করা সম্ভব হবে। এতে পরিবারগুলো তাদের আর্থিক পরিকল্পনা অনুযায়ী খরচ ভাগ করে নিতে পারবে।
সৌদি সরকার জানিয়েছে, এ পদক্ষেপের মূল লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক দায়বদ্ধতা সহজ করা এবং গৃহকর্মীদের প্রয়োজন অনুযায়ী আকামা নবায়নের সুযোগ দেওয়া। অনেক পরিবার স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগ করে থাকে। নতুন ব্যবস্থায় তারা দীর্ঘমেয়াদে বাধ্য না হয়ে প্রয়োজন অনুযায়ী আকামা নবায়ন করতে পারবে।
এই উদ্যোগ সৌদি আরবের রেসিডেন্সি সেবা আধুনিকায়নের অংশ। সরকার চায় প্রশাসনিক কার্যক্রম আরো দক্ষ করা, ডিজিটাল সেবার প্রসার ঘটানো এবং শ্রমবাজারে নমনীয়তা আনা। বিশেষ করে গৃহকর্মী নিয়োগে এ পদক্ষেপ নিয়োগকর্তাদের জন্য স্বস্তি বয়ে আনবে।
বিশ্লেষকরা বলছেন, নতুন ব্যবস্থা শুধু নিয়োগকর্তাদের আর্থিক চাপ কমাবে না, বরং গৃহকর্মীদের জন্যও ইতিবাচক হবে। কারণ স্বল্প মেয়াদে আকামা নবায়ন করলে কর্মীদের কাজের মেয়াদ ও চুক্তি আরও স্পষ্ট হবে। একই সঙ্গে নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে সম্পর্ক আরো স্বচ্ছ হবে।
সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গৃহকর্মীরা কাজ করেন। নতুন আকামা নবায়ন ব্যবস্থা তাদের জন্যও সুবিধাজনক হবে। প্রবাসী পরিবারগুলো যারা সৌদি আরবে কর্মী পাঠান, তারা এখন থেকে আরো নমনীয় শর্তে কাজের সুযোগ পাবেন।
logo-1-1740906910.png)