ফ্রান্সে বৈধ অভিবাসন দুই থেকে তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৫২
ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন বৈধ অভিবাসন দুই থেকে তিন বছরের জন্য বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, কর্মসংস্থান ও পরিবার পুনর্মিলনের ক্ষেত্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করা উচিত। তবে চিকিৎসক, গবেষক ও কিছু শিক্ষার্থীর জন্য ব্যতিক্রম রাখা হবে। দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ সংবাদ প্রকাশ করেছে।
দারমানিন বর্তমানে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার এই প্রস্তাব এসেছে এমন সময়ে, যখন ফ্রান্সে অভিবাসীর সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সে বৈধ অভিবাসীর সংখ্যা প্রায় ৪৫ লাখ, যা প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮ শতাংশের বেশি। শুধু গত বছরই ৩ লাখ ৮৪ হাজার নতুন অভিবাসী বৈধভাবে ফ্রান্সে প্রবেশের অনুমতি পেয়েছেন।
দারমানিন ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সে সময় তিনি অভিবাসন নীতি কঠোর করেছিলেন। তার প্রস্তাবিত অভিবাসন বিল সংসদে পাস হয়েছিল, যেখানে অভিবাসীদের সামাজিক সুবিধা, পরিবার পুনর্মিলন এবং ফ্রান্সে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিলটি সাংবিধানিক পরিষদে পাঠানোর পর কিছু অংশ বাতিল হয়ে যায়। এ কারণে রক্ষণশীলরা ম্যাক্রোঁর সমালোচনা করেন।
সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ফরাসি ভোটারদের ৮০ শতাংশ অভিবাসন নীতি কঠোর করার পক্ষে। আর দারমানিনের প্রস্তাবকে ৬৭ শতাংশ ভোটার সমর্থন করেছেন। তিনি বলেছেন, দুই থেকে তিন বছরের বিরতির পর ফ্রান্সে অভিবাসনের জন্য কোটা ব্যবস্থা চালু করা উচিত এবং একটি গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া উচিত।
ইউরোপীয় ইউনিয়নও অবৈধ অভিবাসন কমানোর লক্ষ্যে নতুন কৌশল গ্রহণ করছে। ইউরোপীয় কমিশনের হোম অ্যাফেয়ার্স ও মাইগ্রেশন কমিশনার ম্যাগনাস ব্রুনার জানিয়েছেন, নতুন নীতি হবে সংখ্যা কমানো এবং তা ধরে রাখার ওপর ভিত্তি করে। তিনি বলেন, ইউরোপীয় জনগণ চায় সীমান্ত নিয়ন্ত্রণে সরকার কার্যকর হোক এবং অভিবাসন ব্যবস্থায় অপব্যবহার বন্ধ হোক।
গত বছর ইউরোপে অবৈধভাবে প্রবেশের সংখ্যা ২৬ শতাংশ কমে ১ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে। তবে এখনো আশ্রয়প্রার্থীদের বড় অংশকে ফেরত পাঠানো সম্ভব হয়নি। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যাদের আবেদন বাতিল হবে তাদের ১০ বছরের জন্য ইউরোপে প্রবেশ নিষিদ্ধ করা হবে এবং নিজ দেশে বা নির্ধারিত রিটার্ন হাবে পাঠানো হবে।
logo-1-1740906910.png)