Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি কর্মসূচি আরো বিস্তৃত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৭

সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি কর্মসূচি আরো বিস্তৃত

সৌদি আরব তাদের বহুল আলোচিত প্রিমিয়াম রেসিডেন্সি কর্মসূচি আরো বিস্তৃত করার পরিকল্পনা করছে। নতুন প্রস্তাব অনুযায়ী, এবার সুপারইয়ট মালিক, মেগা উন্নয়ন প্রকল্পে বসবাসে আগ্রহী ব্যক্তি এবং শীর্ষস্থানীয় শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় আসতে পারেন। বিষয়টির সঙ্গে সরাসরি পরিচিত একজন কর্মকর্তা জানিয়েছেন, এখনো চূড়ান্ত না হলেও আলোচনা চলছে।  

রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই উদ্যোগ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ। এর লক্ষ্য তেলনির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগ ও পর্যটক আকর্ষণের মাধ্যমে অর্থনীতি ও সমাজে রূপান্তর আনা। ভিশন ২০৩০-এর আওতায় রিয়াদের ৬০ বিলিয়ন ডলারের দিরিয়াহ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন মেগা প্রকল্পে রিয়েল এস্টেট কিনলে প্রিমিয়াম রেসিডেন্সির যোগ্যতা পাওয়া যেতে পারে।  

সৌদি আরবের জলসীমায় সুপারইয়ট নোঙর করা অতিধনী ব্যক্তিদের প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়ার প্রস্তাবও আলোচনায় রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি নতুন বিলাসবহুল রেড সি রিসোর্টগুলোতে দর্শনার্থী আকর্ষণের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। একই সঙ্গে উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।  

বর্তমানে মাসিক ৮০ হাজার সৌদি রিয়ালের বেশি আয়কারী নির্বাহী কর্মকর্তা এবং মাসিক ৩৫ হাজার রিয়ালের বেশি আয়কারী বিশেষায়িত স্বাস্থ্য ও বিজ্ঞান খাতের পেশাজীবীরা প্রিমিয়াম রেসিডেন্সির যোগ্য। এই মর্যাদার সুবিধার মধ্যে রয়েছে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ, কাজ করার অনুমতি এবং পরিবারের সদস্যদের জন্যও রেসিডেন্সি সম্প্রসারণ।  

সৌদি আরব ইতোমধ্যে এক মিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পত্তি কিনলে প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়ার নিয়ম চালু করেছে। গত বছর দেশটি অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্টদের জন্য অ্যালকোহল সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে। ফলে তারা রিয়াদের নির্ধারিত একটি দোকান থেকে মদ কিনতে পারছেন। এছাড়া চলতি মাসের ২২ তারিখ থেকে নির্দিষ্ট কিছু এলাকায় অসৌদি নাগরিকের আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তির মালিক হওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যদিও সংশ্লিষ্ট বিধিমালা এখনো পুরোপুরি কার্যকর হয়নি।  

সৌদি আরবের এই পদক্ষেপ বিদেশিদের কাছে দেশটিকে আরো আকর্ষণীয় করে তুলবে। বিনিয়োগ, শিক্ষা ও পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Logo