বন্ধ থাকা ওয়ার্ক পারমিট আবার চালু করবে ওমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৩
বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। সৌদি আরবে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স’-এর ফাঁকে এক বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলকে এ আশ্বাস দেন।
বার্তা সংস্থায় বাসস প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের নতুন ভিসা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে।
বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ওমানের শ্রমবাজারে বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক, নার্সসহ উচ্চদক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে বিশেষ সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি সাধারণ কর্মীদের ওপর থাকা স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারেরও অনুরোধ জানান।
তিনি অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অভিবাসন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কর্মী পাঠানোর আগে যথাযথ দক্ষতা যাচাই, বিদেশে গমনের আগে সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রশিক্ষণ এবং আইনি সংস্কারের মাধ্যমে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ।
বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সুদৃঢ় করতে চলতি বছরের প্রথমার্ধে মাসকাটে যৌথ কারিগরি কমিটির বৈঠক আহ্বানের প্রস্তাব করা হয়। এছাড়া শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্যও আহ্বান জানানো হয়।
ওমান সরকার কর্তৃক অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ড. আসিফ নজরুল বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
logo-1-1740906910.png)