ফ্রান্সে নাগরিকত্ব পেতে বাধ্যতামূলক ‘সিভিক টেস্ট’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:০৫
ফ্রান্সে বসবাসকারী অ-ইউরোপীয় বিদেশিদের জন্য নতুন শর্ত কার্যকর হতে যাচ্ছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট, স্থায়ী রেসিডেন্ট কার্ড এবং ফরাসি নাগরিকত্ব পেতে বাধ্যতামূলকভাবে ‘সিভিক পরীক্ষা’ দিতে হবে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।
২০২৪ সালের জানুয়ারিতে গৃহীত নতুন অভিবাসন আইনের ধারাগুলো ২০২৬ সালের শুরু থেকে কার্যকর হবে। এর মূল উদ্দেশ্য হলো অভিবাসন নিয়ন্ত্রণকে জোরদার করা এবং বিদেশিদের ফরাসি সমাজে অন্তর্ভুক্তি আরো শক্তিশালী করা।
আইন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা দেশগুলোর নাগরিকদের জন্য ফরাসি ভাষা জানা এবং প্রজাতান্ত্রিক মূল্যবোধে একীভূত হওয়ার শর্ত আরো কঠোর করা হয়েছে। এর অংশ হিসেবে চালু হচ্ছে সিভিক পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ হিসেবে একটি সনদ জমা দিতে হবে। এটি প্রযোজ্য হবে প্রথমবারের মতো বহু-বছর মেয়াদি রেসিডেন্স কার্ড বা স্থায়ী রেসিডেন্ট পারমিটের আবেদনকারীদের জন্য। একইভাবে নাগরিকত্বের আবেদনেও এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
সিভিক পরীক্ষা সংক্রান্ত সব তথ্য ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ডিজিইএফের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে পরীক্ষার কাঠামো, নিয়মাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে। অভিবাসীদের প্রস্তুত করতে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যা ফরাসি অভিবাসন ও ইন্টিগ্রেশন বিষয়ক দপ্তর পরিচালনা করছে।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফরাসি প্রজাতন্ত্রের মূলনীতি ও মূল্যবোধ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং ফ্রান্সে বসবাসের সঙ্গে সংশ্লিষ্ট অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা লাভ করবেন। নতুন ওয়েবসাইটে ২২২টি বিষয়ভিত্তিক তথ্য সংযোজিত হয়েছে, যা অভিবাসীদের সহজে প্রশিক্ষণ অনুসরণ ও পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করবে।
পরীক্ষাটি হবে ৪০টি প্রশ্নের সমন্বয়ে, যা মাল্টিপল চয়েস পদ্ধতিতে ডিজিটালি অনুষ্ঠিত হবে। সময়সীমা থাকবে ৪৫ মিনিট। পরীক্ষাটি অবশ্যই ফরাসি ভাষায় হবে এবং পাশ করতে অন্তত ৮০ শতাংশ সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নগুলোতে থাকবে প্রজাতন্ত্রের নীতিমালা ও মূল্যবোধ, রাজনৈতিক কাঠামো, অধিকার ও কর্তব্য, ইতিহাস-সংস্কৃতি এবং ফরাসি সমাজে জীবনযাপন সম্পর্কিত বিষয়।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে আরো নতুন তথ্য ও উপকরণ যোগ করা হবে, যাতে অভিবাসীরা তাদের অন্তর্ভুক্তির পুরো প্রক্রিয়ায় সহায়তা পান। নাগরিকত্বের আবেদনকারীদের ক্ষেত্রে শর্ত আরো কঠোর করা হয়েছে।
সরকারের মতে, এই নতুন ব্যবস্থা অভিবাসীদের ফরাসি সমাজে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন নিয়মগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
logo-1-1740906910.png)