Logo
×

Follow Us

বাংলাদেশ

আমেরিকার ভিসা বন্ড কার্যকর হয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ২০:০১

আমেরিকার ভিসা বন্ড কার্যকর হয়েছে

২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে আমেরিকায় ভিসা আবেদনে বন্ড ব্যবস্থা। ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের নাগরিক যারা ব্যবসা বা ঘুরতে যেতে যুক্তরাষ্ট্রের (B1বা B2) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড দিতে হবে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১ বা বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

দূতাবাস আরো জানিয়েছে, F বা M ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যও ভিসা বন্ড প্রযোজ্য হবে না। ঢাকার মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে, তা ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। 

সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়।

তবে বি২ ও বি১ ভিসায় শুধু বন্ডই নয়, এই ভিসার সঙ্গে যুক্ত হয়েছে আরো কিছু কঠোর শর্ত। কিন্তু সেই শর্তগুলো কী কী?

বি১ ও বি২ ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বের হতে হবে নির্দিষ্ট তিনটি বিমানবন্দর দিয়ে। যেমন বস্টনের লগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর। 

এখন এসব নিয়ম ভাঙলে কী হতে পারে? নির্ধারিত বিমানবন্দর ছাড়া অন্য কোথাও দিয়ে ঢোকা বা বের হওয়া হলে সেটিকে বন্ডের শর্ত ভঙ্গ হিসেবে ধরা হবে। এতে বন্ডের টাকা ফেরত পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। আর ভ্রমণের সময়সীমা মানা না হলে কী হবে?

যদি কেউ অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন যুক্তরাষ্ট্রে থাকেন, দেরিতে দেশ ছাড়েন অথবা আশ্রয় কিংবা অন্য কোনো ভিসার জন্য আবেদন করেন, তাহলেও বন্ডের শর্ত ভাঙা হয়েছে বলে ধরা হতে পারে। সে ক্ষেত্রে বন্ডের টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে যাবে।

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

Logo