২০২৬ সালের হজযাত্রীদের টিকা দেওয়ার জন্য সারাদেশে ৮০টি কেন্দ্র নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। এসব কেন্দ্র থেকে হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হবে। ১৭ জানুয়ারি মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। পরের দিন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দৈনিক সমকালের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এ বছর দেশের সব জেলা সদরসহ মোট ৬৪টি সিভিল সার্জন অফিসে টিকাদান কার্যক্রম চলবে। এছাড়া রাজধানী ঢাকায় টিকা নেওয়া যাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে।
ঢাকার বাইরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে হজযাত্রীরা টিকা নিতে পারবেন।
টিকাদানের তারিখ পরবর্তী সময়ে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রিন্ট সঙ্গে আনতে হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ-সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে টিকাদান কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
logo-1-1740906910.png)