Logo
×

Follow Us

এশিয়া

গভীর সংকটে থাইল্যান্ডের পর্যটন খাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ২৩:৩০

গভীর সংকটে থাইল্যান্ডের পর্যটন খাত

থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পর্যটন খাত বড় ধরনের সংকটে পড়েছে। চার বছর পর প্রথমবারের মতো দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে। বিশেষ করে চীনা পর্যটক কমে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।  

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিদেশি পর্যটকের সংখ্যা ৭.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লাখ ৭০ হাজারে। ২০২১ সালের পর এটাই প্রথম পতন। ২০১৯ সালের রেকর্ড পর্যায়ের তুলনায় এ সংখ্যা প্রায় ২০ শতাংশ কম।  

চীনা পর্যটকরা থাইল্যান্ডের মোট পর্যটকের প্রায় ১০ শতাংশ। কিন্তু গত বছর তাদের সংখ্যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ কমেছে। ২০২৫ সালের জানুয়ারিতে এক চীনা অভিনেতাকে থাইল্যান্ড থেকে অপহরণ করে মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টারে আটকে রাখার ঘটনা নিরাপত্তা নিয়ে আতঙ্ক তৈরি করেছে, যা চীনা পর্যটকদের ভ্রমণ আগ্রহে বড় ধাক্কা দিয়েছে।    

পর্যটন খাতের মন্দা সরাসরি প্রভাব ফেলেছে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এয়ারপোর্টস অব থাইল্যান্ড, যা ছয়টি প্রধান বিমানবন্দর পরিচালনা করে, গত সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে নিট মুনাফা হারিয়েছে ৬ শতাংশ। বর্তমানে তাদের মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৮১০ কোটি বাথ বা প্রায় ৫৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। পর্যটক কমে যাওয়ায় বিমানবন্দরের শুল্কমুক্ত দোকান ও অন্যান্য ব্যবসার আয়ও উল্লেখযোগ্যভাবে কমেছে।  

থাইল্যান্ডের মোট জিডিপির প্রায় ২০ শতাংশ আসে পর্যটন খাত থেকে। টোকিওভিত্তিক নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের থাইল্যান্ড প্র্যাকটিস হেড ইউজি কাটো বলেছেন, পর্যটক কমার হার প্রত্যাশার চেয়েও অনেক বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের তুলনায় থাইল্যান্ড পর্যটনের ওপর অনেক বেশি নির্ভরশীল। ফলে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ও ঋণ পরিশোধের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

থাই সরকার চলতি বছর পর্যটকের সংখ্যা ১০ শতাংশ বাড়িয়ে ৩ কোটি ৬৭ লাখে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে অনেক হোটেল মালিক মনে করছেন, বাস্তবে পর্যটকের সংখ্যা গত বছরের মতোই প্রায় ৩ কোটি ৩০ লাখের আশপাশে থাকতে পারে।

Logo