ওমানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাবাল আখদার ২০২৫ সালে রেকর্ড সংখ্যক পর্যটককে স্বাগত জানিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গত বছর এখানে ভ্রমণ করেছেন মোট ২ লাখ ২২ হাজারের বেশি মানুষ। যা আগের বছরের তুলনায় প্রায় ৯ দশমিক ১ শতাংশ বেশি।
ওমান অবজারভারের প্রতিবেদন বলছে, বিদেশি পর্যটকরাই সংখ্যাগরিষ্ঠ। ২০২৫ সালে বিদেশি নাগরিকদের মধ্যে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ জাবাল আখদার ভ্রমণ করেছেন। অন্যদিকে ওমানি নাগরিকদের সংখ্যা ছিল ৮২ হাজারের বেশি। এছাড়া সৌদি আরব থেকে প্রায় ১৫ হাজার, সংযুক্ত আরব আমিরাত থেকে দেড় হাজার, কুয়েত থেকে ১ হাজার ৪০০, কাতার থেকে ৭৭৯ এবং বাহরাইন থেকে ৬৯৯ জন পর্যটক এখানে এসেছেন। অন্যান্য আরব দেশ থেকেও প্রায় ১০ হাজার মানুষ ভ্রমণ করেছেন।
জাবাল আখদারকে ওমানের অন্যতম প্রধান ইকোট্যুরিজম ও অ্যাডভেঞ্চার ট্যুরিজম গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়। পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জীবনযাত্রার অভিজ্ঞতা, গুহা অনুসন্ধান, হাইকিং ও পর্বতারোহণের সুযোগ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। পাশাপাশি এখানে রয়েছে হোটেল, রেস্ট হাউস ও পর্যটন লজের মতো আধুনিক সুবিধা। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যটন-সম্পর্কিত কার্যক্রমও দর্শনার্থীদের টেনে আনছে।
পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাবাল আখদারে পর্যটকের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ওমানের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। দেশটি পর্যটন খাতকে বৈচিত্র্যময় অর্থনীতির অন্যতম স্তম্ভ হিসেবে গড়ে তুলতে চায়। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকের উপস্থিতি প্রমাণ করছে, জাবাল আখদার এখন শুধু দেশীয় নয়, বৈশ্বিক পর্যটন মানচিত্রেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
২০২৫ সালের এই পরিসংখ্যান ওমানের পর্যটন খাতের জন্য আশাব্যঞ্জক। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাকৃতিক সৌন্দর্য ও নিরাপদ ভ্রমণ পরিবেশের কারণে আগামী বছরগুলোতে জাবাল আখদারে পর্যটকের সংখ্যা আরো বাড়বে।
logo-1-1740906910.png)