বিদেশে পড়াশোনা
বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শক্তিশালী করবেন যেভাবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৫:২৪
বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শুধু ভালো একাডেমিক ফলাফল যথেষ্ট নয়। একই বিষয়ে অনেক শিক্ষার্থী আবেদন করায় বিশ্ববিদ্যালয়গুলো এখন একজন শিক্ষার্থীর সামগ্রিক যোগ্যতা, চিন্তাভাবনা, নেতৃত্বের দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনাও গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তাই আবেদনপত্রে নিজের যোগ্যতা সঠিকভাবে তুলে ধরা জরুরি। আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশনের পরামর্শ অনুযায়ী, বিদেশে উচ্চশিক্ষার আবেদন আকর্ষণীয় করতে ছয়টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন।
১. একাডেমিক ফলাফল ও ভাষাগত দক্ষতা
বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর একাডেমিক রেকর্ড প্রথমেই বিবেচনায় আসে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধারাবাহিক ভালো ফলাফল থাকলে আবেদনের ভিত্তি শক্তিশালী হয়। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে IELTS, TOEFL বা বিশ্ববিদ্যালয় স্বীকৃত অন্য পরীক্ষার স্কোর প্রয়োজন হতে পারে। কিছু বিশ্ববিদ্যালয় বা নির্দিষ্ট কোর্সের জন্য SAT, GRE কিংবা GMAT স্কোরও চাওয়া হয়। তাই যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, তার নির্দিষ্ট ভর্তি শর্ত আগে থেকেই জেনে নিতে হবে।
২. স্টেটমেন্ট অব পারপাস বা SOP আকর্ষণীয় করুন
বিদেশে উচ্চশিক্ষার আবেদনে SOP অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। এখানে শিক্ষার্থীকে ব্যাখ্যা করতে হয়, কেন তিনি নির্দিষ্ট বিষয়ে পড়তে চান, কেন ওই বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছেন এবং ভবিষ্যতে এই ডিগ্রি কীভাবে কাজে লাগাবেন। নিজের আগ্রহ, পড়াশোনার অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ লক্ষ্য বাস্তব উদাহরণ দিয়ে তুলে ধরতে হবে। ইন্টারনেট থেকে কপি করা বা অতিরঞ্জিত বক্তব্য না লিখে নিজের অভিজ্ঞতা ও পরিকল্পনার ভিত্তিতে SOP তৈরি করা উচিত।
৩. পড়াশোনার বাইরের অর্জন তুলে ধরুন
শুধু পরীক্ষার ফলাফল নয়, শিক্ষার্থীর ব্যক্তিগত দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডও বিশ্ববিদ্যালয়ের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক প্রতিযোগিতা, স্বেচ্ছাসেবা, সামাজিক উদ্যোগ কিংবা কোনো সংগঠনে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আবেদনে উল্লেখ করা যেতে পারে। তবে শুধু কোথায় অংশ নিয়েছেন, সেটি লিখলেই হবে না। সেখানে আপনার দায়িত্ব কী ছিল, কী অর্জন করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে কী শিখেছেন, সেটিও ব্যাখ্যা করতে হবে।
৪. শক্তিশালী রিকমেন্ডেশন লেটার সংগ্রহ করুন
বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে শিক্ষক, অধ্যাপক কিংবা পেশাগত মেন্টরের সুপারিশপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন ব্যক্তির কাছ থেকে সুপারিশপত্র নেয়া ভালো, যিনি আপনার পড়াশোনা, দক্ষতা, দায়িত্বশীলতা ও ব্যক্তিগত সক্ষমতা সম্পর্কে সরাসরি জানেন। শুধু ভালো ছাত্র হিসেবে প্রশংসা নয়, বরং নির্দিষ্ট কোনো কাজ, গবেষণা বা প্রকল্পে আপনার অবদান উল্লেখ থাকলে সুপারিশপত্রটি আরো বিশ্বাসযোগ্য হয়। তাই আবেদনের শেষ মুহূর্তে নয়, যথেষ্ট সময় হাতে রেখেই সুপারিশপত্র সংগ্রহ করা উচিত।
৫. ইন্টার্নশিপ, গবেষণা ও কাজের অভিজ্ঞতা অর্জন করুন
বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বাড়তি গুরুত্ব পেতে পারে। কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, গবেষণা প্রকল্পে অংশগ্রহণ, স্বেচ্ছাসেবামূলক কাজ কিংবা পেশাগত অভিজ্ঞতা শিক্ষার্থীর দক্ষতা তুলে ধরে। যেমন, ব্যবসায় শিক্ষা নিয়ে পড়তে চাইলে কোনো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা এবং প্রকৌশল বা বিজ্ঞান বিষয়ে পড়তে চাইলে গবেষণার অভিজ্ঞতা আবেদনকে সমৃদ্ধ করতে পারে। অভিজ্ঞতা যতটা সম্ভব নির্বাচিত কোর্সের সাথে সম্পর্কিত হওয়া উচিত।
৬. আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ভুলভাবে প্রস্তুত করুন
ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্রের কারণে শিক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন। তাই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী CV, SOP, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, ভাষাগত দক্ষতার সনদ ও সুপারিশপত্র প্রস্তুত করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম, শব্দসীমা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনের শেষ তারিখ আলাদা হতে পারে। তাই এক বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি আবেদনপত্র অপরিবর্তিত রেখে অন্য বিশ্ববিদ্যালয়ে জমা দেয়া ঠিক নয়।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে অন্তত ৮ থেকে ১২ মাস আগে প্রস্তুতি শুরু করা ভালো। বিশ্ববিদ্যালয় নির্বাচনের পাশাপাশি টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, স্কলারশিপ, পার্টটাইম কাজের সুযোগ এবং সংশ্লিষ্ট দেশের শিক্ষার্থী ভিসার শর্ত যাচাই করতে হবে। মনে রাখতে হবে, ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি নিজের যোগ্যতা ও লক্ষ্য যথাযথভাবে তুলে ধরতে পারলেই ভর্তির প্রতিযোগিতায় এগিয়ে থাকার সম্ভাবনা বাড়ে। তবে কোনো কৌশলই ভর্তি বা ভিসার নিশ্চয়তা দেয় না।
সূত্র: ইকোনমিক টাইমস
logo-1-1740906910.png)