যুক্তরাষ্ট্রে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫১
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি, ভিসা আবেদন প্রক্রিয়ার জটিলতা, ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ এবং উচ্চশিক্ষা খাতে বিভিন্ন পরিবর্তনের কারণে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির হার কমছে। চলতি বছরের শরৎকালীন সেমিস্টারে গত বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৯ শতাংশ কমেছে। আর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পড়তে আসা নতুন শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (IIE) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৮০০টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওপর পরিচালিত এ জরিপে দেখা গেছে, দেশটিতে উচ্চশিক্ষা নিতে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে।
জরিপ অনুযায়ী, ২০২৬ সালের শরৎ সেমিস্টারে আগের বছরের একই সময়ের তুলনায় প্রথমবার সংশ্লিষ্ট মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১৫ শতাংশ কমেছে। স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ। অন্যদিকে স্নাতক পর্যায়ে কমেছে ৩ শতাংশ।
শুধু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীই নন, পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে কাজের সুযোগ পাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যাও কমেছে।
গত বছর বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমলেও স্নাতক শেষ করার পর অস্থায়ীভাবে কাজের সুযোগ নেয়া শিক্ষার্থীদের কারণে সেই ঘাটতির কিছুটা পূরণ হয়েছিল। তবে এবার ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচি বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (OPT) নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) প্রস্তাব করেছে, এ কর্মসূচিতে অংশ নেয়া প্রত্যেক বিদেশি শিক্ষার্থীর জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার ফি দিতে হবে।
প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। তবে আইআইইর জরিপ অনুযায়ী, চলতি শরৎ সেমিস্টারে ওপিটি কর্মসূচিতে অংশগ্রহণের হার ৬ শতাংশ কমেছে। এই কর্মসূচির মাধ্যমে যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের শিক্ষার বিষয়ের সাথে সম্পর্কিত কাজে নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পান।
জরিপে অংশ নেয়া যেসব বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে, তাদের ৮৮ শতাংশ ভিসা আবেদনপ্রক্রিয়াকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া ৭০ শতাংশ প্রতিষ্ঠান ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ, ৬০ শতাংশ শিক্ষার্থীদের অন্য দেশে উচ্চশিক্ষার জন্য ভর্তি হওয়া এবং ৪৫ শতাংশ উচ্চ ব্যয়ের কথা জানিয়েছে।
তবে জরিপে শিক্ষার্থী কমার একমাত্র কারণ হিসেবে সরকারি নীতিকে চিহ্নিত করা হয়নি। অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার ব্যয়ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে।
IIE জানিয়েছে, Fall 2026 Snapshot মূলত ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক পরিস্থিতি তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিসংখ্যান এটি নয়।
এই শিক্ষাবর্ষের আরো বিস্তৃত তথ্য প্রকাশ করা হবে পরবর্তী Open Doors 2027 প্রতিবেদনে। ফলে বর্তমান জরিপ আন্তর্জাতিক শিক্ষার্থী কমার প্রবণতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিলেও যুক্তরাষ্ট্রের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত চিত্র হিসেবে বিবেচনা করা যাবে না।
অভিবাসন নীতিতে অনিশ্চয়তা
বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে হাজার হাজার শিক্ষার্থীর বৈধ অভিবাসন-অবস্থা বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি অনেক শিক্ষার্থীকে আটক ও যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঘটনাও ঘটেছে।
এ ছাড়া চলতি গ্রীষ্মে প্রশাসন এমন একটি বিধি চূড়ান্ত করেছে, যার আওতায় কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে চার বছরের বেশি অবস্থান করতে পারবেন না। তবে আদালত সাময়িকভাবে ওই বিধির কার্যকারিতা স্থগিত করেছেন।
ডিএইচএসের সচিব মার্কওয়েন মুলিন বলেছেন, বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার মেয়াদ বাড়িয়ে অভিবাসন নীতির ফাঁকফোকর ব্যবহার করছেন— এ ধরনের প্রবণতা বন্ধ করতেই এসব পরিবর্তন আনা হয়েছে।
বিশ্বজুড়ে বিদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ গন্তব্য এখনো যুক্তরাষ্ট্র। তবে দেশটির অভিবাসন নীতির পরিবর্তন এরই মধ্যে শিক্ষার্থী ভর্তিতে প্রভাব ফেলছে বলে জানিয়েছে আইআইই।
জরিপে অংশ নেয়া ৮৮ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার জন্য ভিসা আবেদনের প্রক্রিয়াকে দায়ী করেছে। আর ৭০ শতাংশ প্রতিষ্ঠান ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে। ওপিটি কর্মসূচিতে সুযোগ সীমিত করা হলে ৯৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ধারণা, বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য অন্য দেশ বেছে নেবেন।
আইআইইর গবেষণা, মূল্যায়ন ও শিক্ষা বিভাগের প্রধান মিরকা মার্টেল বলেন, শুধু রাজনৈতিক পরিস্থিতিই নয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ব্যয় বেড়ে যাওয়াও শিক্ষার্থী কমার অন্যতম কারণ।
আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা সংগঠন নাফসার নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফান্তা আও বলেন, গবেষণার অর্থায়ন নিয়েও বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর ট্রাম্প প্রশাসন কেন্দ্রীয় সরকারের অনুদান প্রদানের প্রক্রিয়ায় পরিবর্তন আনা এবং কোন গবেষণা প্রকল্পে অর্থায়ন করা হবে, সে বিষয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্যোগ নেয়।
ফান্তা আও বলেন, যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তা বেড়েছে এবং পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে শিক্ষার্থীরা মনে করছেন। তা ছাড়া ১০ বছর আগের তুলনায় এখন তাদের সামনে উচ্চশিক্ষার জন্য অনেক বেশি দেশের বিকল্প রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না অনেকে। চীনের মতো দেশেও শিক্ষার্থীরা ঝুঁকছেন বলে জানান তিনি।
নাফসা ও আন্তর্জাতিক শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান জেবি ইন্টারন্যাশনালের যৌথ গবেষণায় দেখা গেছে, বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ায় চলতি শরৎ সেমিস্টারে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তাদের অবদানের পরিমাণ ২৪০ কোটি ডলার কমেছে।
চাপে বিশ্ববিদ্যালয়ের আয়
যুক্তরাষ্ট্রের অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া টিউশন ফি বা শিক্ষাবাবদ আয়কে গুরুত্বপূর্ণ রাজস্বের উৎস হিসেবে বিবেচনা করে। ফলে বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে।
ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে গত দুই বছরে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৪৬ শতাংশ কমেছে। ২০২৫ সালের শরৎ সেমিস্টারে এ সংখ্যা ছিল ১ হাজার ৫৪২। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৮২৮ জনে। এ বছর নতুন করে ভর্তি হয়েছেন ৫০ জনেরও কম বিদেশি শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়টির প্রভোস্ট নিগামান্থ শ্রীধর জানিয়েছেন, শিক্ষার্থী কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির বাজেটে ২০ লাখ থেকে ৪০ লাখ ডলারের প্রভাব পড়তে পারে।
ভারত থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শ্রীধর নিজেও একসময় এফ-১ শিক্ষার্থী ভিসায় দেশটিতে এসেছিলেন। পরে ওপিটি কর্মসূচিতেও অংশ নেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন।
শ্রীধর বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিলেন বলেই আজ তিনি বিশ্ববিদ্যালয়ের এ অবস্থানে পৌঁছাতে পেরেছেন এবং সেখানে নিজের কর্মজীবন গড়ে তুলেছেন। তাই আন্তর্জাতিক শিক্ষা তার কাছে ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ।
আইআইইর প্রতিবেদনে দেখা গেছে, স্নাতক পর্যায়ের তুলনায় স্নাতকোত্তর পর্যায়ে বিদেশি শিক্ষার্থী কমার হার বেশি। চলতি শরৎ সেমিস্টারে স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ। অন্যদিকে স্নাতক পর্যায়ে কমেছে ৩ শতাংশ। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাঠানো দেশ ভারতের শিক্ষার্থীদের সংখ্যাও কমেছে।
মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন আলোচনা
যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্টদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমেরিকান কাউন্সিল অন এডুকেশনের ভাইস প্রেসিডেন্ট সারাহ স্প্রেইটজার মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে বড় ধরনের অভিবাসন আইন পাস হওয়ার সম্ভাবনা কম। তবে কংগ্রেসের নজরদারির মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের লক্ষ্য করে নেয়া নতুন নীতির বাস্তবায়ন থামানো সম্ভব হতে পারে।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে কিছুটা নিশ্চয়তা তৈরি করতে পারে। এতে তাদের হঠাৎ বা ব্যাখ্যাহীন নীতিগত পরিবর্তনের মুখে পড়ার আশঙ্কা কমবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
logo-1-1740906910.png)