Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ করল জার্মানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৯:২৩

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ করল জার্মানি

জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমাগত বাড়ছে। শিক্ষার্থীদের এই আগ্রহকে স্বাগত জানিয়ে ভিসা আবেদন প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস। নতুন ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীরা অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। একই সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমিয়ে আনার লক্ষ্যও রয়েছে দূতাবাসের।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। এর মাধ্যমে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

রোববার (১৫ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।

নতুন ব্যবস্থায় যেসব সুবিধা

নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা কয়েকটি সুবিধা পাবেন।

অনলাইনে আবেদন: দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে।

কাগজপত্রের প্রাথমিক যাচাই: ভিএফএসের মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।

দ্রুত অ্যাপয়েন্টমেন্ট: নির্ধারিত দিনে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আবেদনের অগ্রগতি জানা: ডিজিটাল পোর্টালে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন আবেদনকারীরা।

পরিবারসহ আবেদন: প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেয়ার সুযোগও থাকবে।

দূতাবাসের আশা, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় কমবে এবং ভিসা প্রক্রিয়া আরো গতিশীল হবে। তবে প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন

নতুন ব্যবস্থার কারণে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, পুরনো ব্যবস্থায় যারা ইতোমধ্যে অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য এ পরিবর্তন সাময়িক অসুবিধা তৈরি করতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময়ও কমতে পারে।

যেভাবে আবেদন করবেন

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জার্মানিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন।

আবেদনের জন্য প্রবেশ করতে হবে: https://digital.diplo.de/

প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে জার্মান দূতাবাসের ওয়েবসাইটে: www.dhaka.diplo.de

Logo