যুক্তরাজ্যে মাস্টার্সে ৪ হাজার পাউন্ডের বৃত্তি, আবেদন শেষ ৩১ ডিসেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৪:২৬
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব সাসেক্স। বিশ্ববিদ্যালয়টির ‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ (মাস্টার্স) ২০২৬’-এর আওতায় যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীরা প্রথম বছরের টিউশন ফির ওপর ৪ হাজার পাউন্ড ছাড় পাবেন। ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া মাস্টার্স প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্যও এ সুযোগ থাকছে। বৃত্তির জন্য যোগ্য আবেদনকারীদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না; নির্ধারিত শর্ত পূরণ করলে স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃত্তিটি বাংলাদেশের নাগরিক এবং আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে টিউশন ফি প্রদানকারী (Overseas fee status) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। আবেদনকারীকে সাসেক্স বিশ্ববিদ্যালয়ের কোনো যোগ্য পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পেতে হবে। ২০২৬ সালের সেপ্টেম্বর অথবা ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হওয়া কোর্সের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় আসবেন।
কারা পাবেন এই বৃত্তি:
বৃত্তির জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফি নির্ধারণে তাকে বিদেশি শিক্ষার্থী হিসেবে বিবেচিত হতে হবে এবং পূর্ণকালীন মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি। অর্থাৎ যোগ্যতার শর্ত পূরণকারী শিক্ষার্থীরা বৃত্তির জন্য বিবেচিত হতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোর্স ও অর্থায়নসংক্রান্ত শর্ত পূরণ করা বাধ্যতামূলক।
কোন কোন কোর্সে পাওয়া যাবে না:
সব মাস্টার্স কোর্সের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য নন। সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স, ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেল স্কুলের প্রোগ্রাম, অনলাইন কোর্স এবং স্কুল ডিরেক্ট টিচিং কোর্সের শিক্ষার্থীরাও এ সুবিধা পাবেন না।
এছাড়া MA Development Studies, MA Food Systems and Sustainable Development, MA Gender and Development, MA Globalisation, Business and Development, MA Governance, Development and Public Policy, MA Poverty, Policy and Development Practice এবং MA Power, Participation and Social Change প্রোগ্রামগুলোও বৃত্তির আওতাবহির্ভূত। গবেষণা কাউন্সিলের অর্থায়নে পরিচালিত মাস্টার্স প্রোগ্রাম এবং NHS বৃত্তি পাওয়া সোশ্যাল ওয়ার্ক ডিগ্রির শিক্ষার্থীরাও এ সুবিধা পাবেন না।
কীভাবে পাওয়া যাবে বৃত্তি:
এই বৃত্তির জন্য আলাদা কোনো আবেদন ফরম পূরণ করতে হবে না। শিক্ষার্থী নির্ধারিত যোগ্যতা পূরণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তাব (Offer of Admission) পাওয়ার পর বিশ্ববিদ্যালয় স্বয়ংক্রিয়ভাবে তার যোগ্যতা যাচাই করবে।
যোগ্য বিবেচিত হলে ই-মেইলের মাধ্যমে বৃত্তির বিষয়টি জানানো হবে। পাশাপাশি শিক্ষার্থীর ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় Confirmation of Acceptance for Studies (CAS) নথিতেও বৃত্তির তথ্য উল্লেখ থাকবে। CAS-এ বৃত্তির তথ্য না থাকলে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসের সাথে যোগাযোগ করতে হবে।
তবে এ সুবিধা পেতে শিক্ষার্থীকে নিজ খরচে পড়াশোনার অর্থায়ন করতে হবে। কোনো নিয়োগকর্তা, প্রতিষ্ঠান বা অন্য কোনো স্পনসর যদি শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি বহন করে, তাহলে তিনি এই বৃত্তির যোগ্য হবেন না। পরে স্পন্সরশিপের তথ্য পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় বৃত্তির প্রস্তাব বাতিল করতে পারে।
দ্বৈত নাগরিকত্বধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ হিসেবে পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্র দেখাতে হতে পারে। অন্য দেশের পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার আবেদন করলেও বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ চাওয়া হতে পারে।
আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর:
সাসেক্স বাংলাদেশ স্কলারশিপের জন্য নির্ধারিত শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাজ্য সময়)। তবে বৃত্তি পেতে হলে শুধু শেষ তারিখের মধ্যে আবেদন করলেই হবে না; সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শর্তও পূরণ করতে হবে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তিটি যুক্তরাজ্যে উচ্চশিক্ষার ব্যয় কিছুটা কমানোর সুযোগ তৈরি করেছে। বিশেষ করে যারা ২০২৭ সালের জানুয়ারি সেশনে মাস্টার্স করতে চান, তাদের এখনই পছন্দের কোর্স, ভর্তি-যোগ্যতা, টিউশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করা উচিত।
বিশ্ববিদ্যালয়: University of Sussex, যুক্তরাজ্য
বৃত্তির পরিমাণ: ৪ হাজার পাউন্ড
শিক্ষার স্তর: পূর্ণকালীন মাস্টার্স
কোর্স শুরুর সময়: সেপ্টেম্বর ২০২৬ অথবা জানুয়ারি ২০২৭
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: যোগ্যতা পূরণ করলে স্বয়ংক্রিয় বিবেচনা।
বৃত্তির বিস্তারিত ও যোগ্যতার শর্ত: https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships/view/1885-Sussex-Bangladesh-Scholarship-Masters
logo-1-1740906910.png)