Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

২০২৯ সাল পর্যন্ত বছরে দেড় লাখ বিদেশি শিক্ষার্থী নেবে কানাডা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ২১:২৫

২০২৯ সাল পর্যন্ত বছরে দেড় লাখ বিদেশি শিক্ষার্থী নেবে কানাডা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন অভিবাসন পরিকল্পনায় ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর সর্বোচ্চ দেড় লাখ নতুন শিক্ষার্থী নেয়ার লক্ষ্য জারি রেখেছে কানাডা। ২০২৭-২০২৯ সালের নতুন অভিবাসন পরিকল্পনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর ফলে কানাডায় উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন এমন বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির শিক্ষা খাতে সুযোগের ধারাবাহিকতা বজায় থাকবে।

৫ নভেম্বর প্রকাশিত নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছর অর্থাৎ ২০২৭, ২০২৮ ও ২০২৯ সালে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দাকে কানাডায় প্রবেশের সুযোগ দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ২ লাখ ২০ হাজার অস্থায়ী কর্মী থাকবেন।

এর আগে কানাডার ২০২৬ সালের অভিবাসন পরিকল্পনায় ২০২৭ ও ২০২৮ সালের জন্য একই সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। নতুন ঘোষণায় ২০২৯ সালকেও সেই পরিকল্পনার আওতায় আনা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী গ্রহণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়নি; বরং আগের নির্ধারিত সংখ্যাই আরো এক বছরের জন্য বহাল রাখা হয়েছে।

কানাডার আন্তর্জাতিক শিক্ষা খাতের প্রতিনিধিত্বকারী সংস্থা কানাডিয়ান ব্যুরো ফর ইন্টারন্যাশনাল এডুকেশন (সিবিআইই) সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লারিসা বেজো'র মতে, দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণের ফলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং নতুন কোর্স চালুর পরিকল্পনা আরো কার্যকরভাবে করতে পারবে।

তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ের রয়েছে উদ্বেগ। সিবিআইইর মতে, ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডা এখনো আগের নির্ধারিত শিক্ষার্থী গ্রহণের লক্ষ্যের তুলনায় পিছিয়ে রয়েছে। এ অবস্থায় সরকারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, নিয়োগদাতা ও স্থানীয় সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অন্যদিকে ইউনিভার্সিটিস কানাডাও নতুন অভিবাসন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির মতে, অভিবাসন নীতিতে ধারাবাহিকতা ও পূর্বানুমানযোগ্যতা থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে কানাডার শিক্ষাব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়বে এবং বৈশ্বিক মেধাবীদের আকৃষ্ট করা সহজ হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। স্টাডি পারমিটের সংখ্যা নিয়ন্ত্রণ এবং পড়াশোনা শেষে কাজের অনুমতি পাওয়ার যোগ্যতার শর্ত কঠোর করার মতো পদক্ষেপ নেয়া হয়েছে। অস্থায়ী অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এসব পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণাটি কানাডায় উচ্চশিক্ষার পরিকল্পনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেও এটিকে ভিসা পাওয়ার নিশ্চয়তা বা আবেদনকারীদের জন্য নতুন কোনো ছাড় হিসেবে দেখার সুযোগ নেই। বছরে দেড় লাখ শিক্ষার্থী গ্রহণের লক্ষ্যটি সামগ্রিক জাতীয় পরিকল্পনার অংশ; বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো কোটা ঘোষণা করা হয়নি। ভর্তির যোগ্যতা, স্টাডি পারমিটের শর্ত, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং অন্যান্য অভিবাসনবিধি আগের মতোই প্রযোজ্য থাকবে।

ফলে কানাডায় পড়তে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্টাডি পারমিটের প্রস্তুতি নেয়ার পাশাপাশি দেশটির হালনাগাদ সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেয়া হচ্ছে।

Logo