Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

বিনাখরচে মাস্টার্সে পড়ার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের সিএসসি, আবেদন শেষ ৮ ডিসেম্বর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৭:০৯

বিনাখরচে মাস্টার্সে পড়ার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের সিএসসি, আবেদন শেষ ৮ ডিসেম্বর

যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আবেদন আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, যাতায়াতের বিমানভাড়া এবং মাসিক জীবনযাত্রার ভাতা দেওয়া হবে।

কমনওয়েলথ স্কলারশিপ কমিশন ইন দ্য ইউনাইটেড কিংডমের (CSC) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তি দেয়া হবে। আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা (যুক্তরাজ্যের স্থানীয় সময়)।

বাংলাদেশসহ নির্ধারিত কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে নিজ দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির উচ্চতর (আপার সেকেন্ড ক্লাস বা ২:১ সমমানের) স্নাতক ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় শ্রেণির নিম্নমানের স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক স্নাতকোত্তর যোগ্যতা থাকলে আবেদন বিবেচিত হতে পারে।

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে পরিচালিত হয়। কমনওয়েলথ স্কলারশিপ কমিশন এবং যুক্তরাজ্যের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এর মূল লক্ষ্য কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেয়া।

স্কলারশিপের বিষয়বস্তু: 

এ বৃত্তি ছয়টি বিষয়কে গুরুত্ব দিয়ে প্রদান করা হয়।

১. সুযোগ, অন্তর্ভুক্তি ও প্রবেশাধিকার নিশ্চিত করা (অ্যাকসেস, ইনক্লুশন অ্যান্ড অপরচুনিটি)।

২. উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরি উৎসাহিত করা (প্রোমোটিং ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ)।

৩. উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার (সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট)।

৪. বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সুশাসন জোরদার করা (স্ট্রেংথেনিং গ্লোবাল পিস, সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স)।

৫. স্বাস্থ্য ব্যবস্থা ও সক্ষমতা শক্তিশালী করা (স্ট্রেংথেনিং হেলথ সিস্টেমস অ্যান্ড ক্যাপাসিটি)।

৬. সংকট মোকাবিলায় সহনশীলতা ও প্রতিক্রিয়াশীলতা বৃদ্ধি করা (স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্সেস টু ক্রাইসিস)।

সুযোগ-সুবিধা: 

নির্বাচিত শিক্ষার্থীরা স্কলারশিপের আওতায় বিভিন্ন সুবিধা পাবেন।

- সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।

- যুক্তরাজ্যে যাওয়া ও পড়াশোনা শেষে দেশে ফেরার বিমান ভাড়া দেয়া হবে।

- মেট্রোপলিটন এলাকার বাইরে বসবাসকারীদের জন্য মাসিক ১ হাজার ৭১২ ব্রিটিশ পাউন্ড জীবনযাপন ভাতা দেয়া হবে।

- মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য মাসিক ২ হাজার ব্রিটিশ পাউন্ড ভাতা দেয়া হবে।

- থিসিস তৈরির জন্য অনুদান দেয়া হবে।

- ভ্রমণ ভাতা হিসেবে ২০০ ব্রিটিশ পাউন্ড দেয়া হবে।

- বিধবা, তালাকপ্রাপ্ত অথবা একক অভিভাবক হলে প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৫৯০ ব্রিটিশ পাউন্ড এবং ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় ও তৃতীয় সন্তানের প্রত্যেকের জন্য প্রতি মাসে ১৪৬ ব্রিটিশ পাউন্ড দেয়া হবে।

আবেদনের যোগ্যতা: 

আবেদন করতে আগ্রহীদের নিচের যোগ্যতা থাকতে হবে।

- আবেদনকারীকে কমনওয়েলথভুক্ত কোনো দেশের নাগরিক হতে হবে।

- ২০২৭ সালের সেপ্টেম্বর সেশনে যুক্তরাজ্যে পড়াশোনা শুরু করার সক্ষমতা থাকতে হবে।

- উচ্চ আয়ের কোনো দেশে এক বছর বা তার বেশি সময় পড়াশোনা কিংবা কাজ করে থাকলে এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।

- যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে এ স্কলারশিপ ছাড়া পড়াশোনার আর্থিক সামর্থ্য থাকা যাবে না।

- আবেদনের সাথে প্রয়োজনীয় সব নথি নির্ধারিত ফরম্যাটে (যদি প্রযোজ্য হয়) জমা দিতে হবে।

যেসব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন: 

বাংলাদেশ, বেলিজ, বতসোয়ানা, ডমিনিকা, এসওয়াতিনি, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গ্রেনাডা, গায়ানা, ভারত, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, লেসোথো, মালাউই, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মন্টসেরাট, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রুয়ান্ডা, সেন্ট হেলেনা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, সামোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, টোগো, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু ও জাম্বিয়া।

আবেদন প্রক্রিয়া: 

আগ্রহী প্রার্থীদের কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের (সিএসসি) অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক কোর্স অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন। তবে শেষ পর্যন্ত কেবল একটি স্কলারশিপের প্রস্তাব গ্রহণ করা যাবে।

আবেদন ও বিস্তারিত জানতে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের ওয়েবসাইটে দেখুন।

Logo