উচ্চশিক্ষার আপডেট
দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের ভিসায় বড় সুযোগের আভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৩:৩৯
দক্ষিণ কোরিয়ায় বিদেশি শিক্ষার্থী টানতে ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন নিয়মে কোরিয়ান ভাষায় দক্ষ শিক্ষার্থীরা ভিসা পাওয়ার ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা থেকে ছাড় পেতে পারেন।
পাশাপাশি খণ্ডকালীন কাজ, পড়াশোনা শেষে চাকরি খোঁজা এবং দেশটিতে থাকার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও ভাষার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে। দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, TOPIK পরীক্ষায় লেভেল-৪ অথবা কোরিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রামে লেভেল-৪ অর্জন করলে শিক্ষার্থীরা আর্থিক সামর্থ্যের প্রমাণ ছাড়াই স্টুডেন্ট ভিসার সুযোগ পেতে পারেন।
অন্যদিকে খণ্ডকালীন কাজের অনুমতি পেতে TOPIK লেভেল-৩ প্রয়োজন হতে পারে। পড়াশোনা শেষে চাকরি খোঁজার জন্য ডি-১০ ভিসায় এক থেকে তিন বছর পর্যন্ত থাকার সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উৎপাদন খাতের দক্ষ স্নাতকদের জন্য ই-৭ কাজের ভিসায় যাওয়ার সুযোগ বাড়ানো হবে। দক্ষিণ কোরিয়ায় ২০২৬ সালের আগস্টে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। দেশটির লক্ষ্য এই সংখ্যা ৪ লাখে উন্নীত করা।
এতে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি বার্তা হলো, দক্ষিণ কোরিয়ায় পড়তে যেতে আগ্রহীদের এখন থেকেই কোরিয়ান ভাষা শেখার প্রস্তুতি নেওয়া উচিত। ভাষায় দক্ষতা থাকলে ভিসা, খণ্ডকালীন কাজ এবং পড়াশোনা শেষে চাকরির সুযোগ বাড়তে পারে। তবে এগুলো পরিকল্পিত পরিবর্তন; চূড়ান্ত নিয়ম ও কার্যকরের সময় জেনে আবেদন করতে হবে।
logo-1-1740906910.png)