Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০

সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট স্কলারশিপ

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কাউস্টে ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারের জন্য পিএইচডি প্রোগ্রামে আবেদন শুরু হয়েছে। এই বৃত্তি সম্পূর্ণ অর্থায়ন করবে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা পাবেন টিউশন ফি ছাড়, মাসিক ভাতা, আবাসন ও স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা। প্রথম ধাপের আবেদন শেষ হবে ২৭ সেপ্টেম্বর ২০২৬।

বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। প্রথম ধাপের ফল প্রকাশ হবে ৮ নভেম্বর ২০২৬। ক্লাস শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৭। কাউস্ট ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় এটি সৌদি আরবের অন্যতম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ বলেছিলেন, কাউস্ট হবে শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারি।

এখানে পড়ার সুযোগ রয়েছে নানা বিষয়ে। বায়োসায়েন্স, বায়োইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেরিন সায়েন্স, প্ল্যান্ট সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড ফিজিকস, স্ট্যাটিসটিকসসহ আরো অনেক বিষয়ে পিএইচডি করা যাবে।

আবেদনের যোগ্যতা হিসেবে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি। বয়স হতে হবে অন্তত ১৮ বছর। সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩.০ থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। ভালো একাডেমিক রেকর্ড ও গবেষণার আগ্রহও থাকতে হবে।

বৃত্তির আওতায় শিক্ষার্থীরা পাবেন পূর্ণ টিউশন ফি ও বেঞ্চ ফি। বছরে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়। মাস্টার্স শিক্ষার্থীরা বছরে প্রায় ২০ হাজার ডলার ভাতা পাবেন। পিএইচডি শিক্ষার্থীরা প্রোগ্রামভেদে বছরে ২৫ থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত ভাতা পাবেন।

আবেদনের সময় লাগবে স্টেটমেন্ট অব পারপাস, বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট, জীবনবৃত্তান্ত, তিনজন রেফারির তথ্য এবং পাসপোর্টের কপি। ইংরেজি ভাষার পরীক্ষার স্কোর থাকলে সেটিও জমা দিতে হবে। আবেদন ফি ২০০ সৌদি রিয়াল বা প্রায় ৬ হাজার ৫৪৭ টাকা। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে।

কাউস্টের ক্যাম্পাসে রয়েছে আধুনিক ল্যাব, গ্রন্থাগার, ডে-কেয়ার ও শিশুদের জন্য স্কুল। ল্যাব ২৪ ঘণ্টা খোলা থাকে। শিক্ষার্থীরা গবেষণার পাশাপাশি পরিবার নিয়ে নিরাপদ পরিবেশে থাকতে পারবেন।

Logo