উচ্চশিক্ষার আপডেট
কানাডায় পড়তে যাওয়ার খরচ আরো বেড়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৯
কানাডায় পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? জানেন কি, কানাডায় পড়তে যেতে এখন থেকে কত টাকা দেখাতে হবে? শুধু টিউশন ফি নয়, ভিসার জন্য ব্যাংকে দেখাতে হবে আরো বেশি টাকা।
১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কানাডার স্টাডি পারমিটের জন্য একজন শিক্ষার্থীকে শুধু জীবনযাত্রার খরচ হিসেবে অন্তত ২৩ হাজার ৪৪৮ কানাডিয়ান ডলার দেখাতে হবে। আগে এই পরিমাণ ছিল ২২ হাজার ৮৯৫ ডলার। অর্থাৎ নতুন আবেদনকারীদের আর্থিক সক্ষমতার প্রমাণের চাপ বেড়েছে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ২৩ হাজার ৪৪৮ ডলারের মধ্যে টিউশন ফি বা কানাডা যাওয়া-আসার খরচ নেই। অর্থাৎ একজন বাংলাদেশি শিক্ষার্থীকে টিউশন, যাতায়াত এবং জীবনযাত্রার খরচ; সব মিলিয়ে আলাদা আর্থিক সক্ষমতা দেখাতে হবে।
পরিবার সঙ্গে নিলে প্রয়োজন আরো বাড়বে। দুইজনের জন্য ২৯ হাজার ১৯২, তিনজনের জন্য ৩৫ হাজার ৮৮৮ এবং চারজনের জন্য ৪৩ হাজার ৫৭২ কানাডিয়ান ডলার জীবনযাত্রার খরচ দেখাতে হবে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাংক স্টেটমেন্ট, শিক্ষা ঋণ, স্কলারশিপ, জিআইসি কিংবা স্পন্সরের অর্থ; বিভিন্নভাবে ফান্ডের প্রমাণ দেওয়া যায়। তবে টাকার উৎসও পরিষ্কারভাবে প্রমাণ করতে হবে। এক বছরের বেশি মেয়াদের কোর্স হলে পুরো কোর্সের খরচ কীভাবে চালাবেন, সেটিও দেখাতে হবে।
তাই কানাডায় যাওয়ার পরিকল্পনা থাকলে শুধু অ্যাডমিশন নয়, বৈধ ও প্রমাণযোগ্য ফান্ডিং পরিকল্পনাও এখন ভিসা প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
logo-1-1740906910.png)