হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, বছরে বৃত্তি প্রায় ৫৪ লাখ টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭
বিদেশে উচ্চশিক্ষার জন্য নতুন সুযোগ তৈরি করেছে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম। নির্বাচিত শিক্ষার্থীরা বছরে প্রায় ৪৩ হাজার ৬৯০ মার্কিন ডলার বৃত্তি পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৪ লাখ টাকা। পাশাপাশি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত প্রতিবছর সম্মেলন ও গবেষণাসংক্রান্ত ভ্রমণের জন্য অতিরিক্ত ১ হাজার ৮২০ মার্কিন ডলার দেওয়া হবে।
পিএইচডি সম্পন্ন করতে তিন বছরের বেশি সময় লাগলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অতিরিক্ত সহায়তা দিতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে হবে।
এই ফেলোশিপে আবেদন করা যাবে হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে। এগুলো হলো সিটি ইউনিভার্সিটি অব হংকং, হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, লিংনান ইউনিভার্সিটি, দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং, দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং, দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং দ্য ইউনিভার্সিটি অব হংকং।
ফেলোশিপের আওতায় বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডি করার সুযোগ থাকবে।
আবেদনকারীদের বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে একাডেমিক ফলাফল, গবেষণার দক্ষতা ও সম্ভাবনা, যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলিকে।
আবেদন করতে হলে প্রথমে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের ওয়েবসাইটে গিয়ে প্রাথমিক আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর আবেদনকারী একটি রেফারেন্স নম্বর পাবেন। এরপর সেই নম্বর ব্যবহার করে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি প্রোগ্রাম বা বিভাগ বেছে নিতে পারবেন। চাইলে একই বিশ্ববিদ্যালয়ের দুটি প্রোগ্রামে অথবা দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।
প্রাথমিক আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬, হংকং সময় দুপুর ১২টা। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। তবে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপ্রক্রিয়ায় পার্থক্য থাকতে পারে। তাই আবেদন করার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নির্দেশনা দেখে নিতে হবে।
এই ফেলোশিপ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। বিনা খরচে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
logo-1-1740906910.png)