বিদেশি শিক্ষার্থীর আবেদন অস্বাভাবিকভাবে কমে গেল ফিনল্যান্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭
ফিনল্যান্ডে বিদেশি শিক্ষার্থীদের আবেদন সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। বিশ্ববিদ্যালয় অব অ্যাপ্লায়েড সায়েন্সে এ বছর ইউরোপীয় ইউনিয়ন ও ইইএ অঞ্চলের বাইরে থেকে আবেদন এসেছে মাত্র ১২ হাজার। দুই বছর আগে এই সংখ্যা ছিল প্রায় ৬০ হাজার।
হাগা-হেলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সে এ বছর বিদেশি আবেদন এসেছে মাত্র ১ হাজার ২০০। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৫ হাজার। একইভাবে কোক্কোলাভিত্তিক সেন্ট্রিয়া ইউনিভার্সিটিতে আবেদন কমে গেছে ১৩ হাজার থেকে মাত্র ১ হাজারে।
সেন্ট্রিয়ার রেক্টর তাপিও হুট্টুলা বলেছেন, ফিনল্যান্ডের চাকরির বাজার খারাপ হওয়ায় বিদেশি শিক্ষার্থীরা আবেদন কমাচ্ছেন। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় পরিবারগুলো আর্থিক ঝুঁকি নিতে চাইছে না। তিনি বলেন, “শিক্ষার্থীরা টিকে থাকতে কাজের প্রয়োজন। পরিবারও বিনিয়োগ করে পাঠায়, তাই তাদেরও আশা থাকে শিক্ষার্থী নিজেকে সামলাতে পারবে।”
গত বছর রিপোর্টে দেখা গেছে, অনেক এজেন্সি বিদেশি শিক্ষার্থীদের ভুল তথ্য দিচ্ছে। তারা ফিনল্যান্ডের চাকরির বাজারকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে। ফলে শিক্ষার্থীরা ঋণগ্রস্ত হয়ে দারিদ্র্য ও প্রান্তিক জীবনে ঠেলে দেওয়া হচ্ছে। অনেকেই বেঁচে থাকার জন্য সাহায্যের ওপর নির্ভর করছেন।
ফিনল্যান্ড সরকার সাম্প্রতিক সময়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ম আরও কঠোর করেছে। নতুন নিয়মে যদি কোনো শিক্ষার্থী সামাজিক সহায়তা পান, তবে তার রেসিডেন্স পারমিট বাতিল হতে পারে। ন্যূনতম আয় শর্ত বাড়ানো হয়েছে। পরিবার পুনর্মিলনের নিয়মও কঠিন করা হয়েছে।
২০২৫ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও ইইএ অঞ্চলের বাইরে থেকে আসা আবেদনকারীদের জন্য ১০০ ইউরো ফি চালু হয়েছে। উদ্দেশ্য ছিল অযথা আবেদন কমানো। তবে এর ফলে প্রকৃত আবেদনকারীর সংখ্যাও কমে গেছে।
বাংলাদেশ, ভারত ও চীনের মতো দেশগুলোতে ব্রেইন ড্রেইন ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার বিষয়ে আরো সতর্ক হচ্ছেন।
বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ায় ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছে। সেন্ট্রিয়ার রেক্টর হুট্টুলা বলেছেন, “অন্যদিকে ভালো দিক হলো যারা আসছেন, তারা পড়াশোনা শেষ করতে পারবেন।”
ফিনল্যান্ডে বিদেশি শিক্ষার্থীর আবেদন কমে যাওয়া দেশের শিক্ষা ও অর্থনীতির জন্য বড় সংকেত। চাকরির বাজারের দুরবস্থা, কঠোর নিয়ম এবং বিভ্রান্তিকর তথ্য শিক্ষার্থীদের নিরুৎসাহিত করছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক চাপের মুখে পড়ছে, আর শিক্ষার্থীরা নতুন গন্তব্য খুঁজছেন।
logo-1-1740906910.png)