Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

উচ্চশিক্ষার খবর

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ছাড়ের দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ছাড়ের দাবি

অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার ব্যয় বাড়ছে প্রতিনিয়ত। আর খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন দেশটিতে পড়তে আসা নানা দেশের শিক্ষার্থী। খরচ বেড়ে যাওয়ায় সব দেশীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য কনসেশন কার্ড এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশীয় শিক্ষার্থীদের মতোই গণপরিবহন ভাড়ায় ছাড় দেওয়ার দাবি জানিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ সংগঠন ইউনিভার্সিটিজ অস্ট্রেলিয়া।

সংগঠনটি বলছে, ২০২১ সালের তুলনায় শিক্ষার্থীদের ভাড়া প্রায় ৪০ শতাংশ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ২৭ শতাংশ, বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি খরচ ৩৯ শতাংশ এবং জ্বালানির দাম ৪৩ শতাংশ বেড়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছর অস্ট্রেলিয়ান সেন্টার ফর স্টুডেন্ট ইক্যুইটি অ্যান্ড সাকসেসের প্রকাশিত এক গবেষণাতেও দেখা গেছে, জরিপে অংশ নেওয়া প্রতি তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একজন আর্থিক অনিরাপত্তার মধ্যে রয়েছেন।

ইউনিভার্সিটিজ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী লুক শিহি বলেন, শিক্ষার্থীরা বর্তমানে কঠিন সময় পার করছেন এবং সরকার চাইলে এখনই কিছু বাস্তব পদক্ষেপ নিয়ে তাদের ওপরের চাপ কমাতে পারে। সংগঠনটির দাবি, প্রত্যেক দেশীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পড়াশোনার সময় একটি কনসেশন কার্ড দেওয়া হলে ওষুধ, গণপরিবহন এবং ইউটিলিটি বিলের মতো প্রয়োজনীয় খরচ কমানো সম্ভব হবে।

বর্তমানে কিছু দেশীয় শিক্ষার্থী আয়ভিত্তিক সহায়তা বা অন্যান্য যোগ্যতার মাধ্যমে হেলথ কেয়ার কার্ড পাওয়ার সুযোগ পেলেও শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকার কারণে সবাই এই সুবিধা পান না। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও অস্ট্রেলিয়ার যে কোনো রাজ্য বা অঞ্চলে পড়াশোনা করলেও দেশীয় শিক্ষার্থীদের সমান গণপরিবহন ছাড় দেওয়ার দাবি জানিয়েছে ইউনিভার্সিটিজ অস্ট্রেলিয়া। 

Logo