উচ্চশিক্ষার আপডেট
আমেরিকায় পড়াশোনার খরচ কমাবে যেসব স্কলারশিপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩২
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন এমন দক্ষিণ এশীয় নানান দেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ। এর মাধ্যমে টিউশন ফি থেকে শুরু করে থাকা-খাওয়া, মাসিক স্টাইপেন্ড, স্বাস্থ্যবীমা, বইপত্র এবং কিছু ক্ষেত্রে যাতায়াতের খরচও কভার হতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক আর্থিক সহায়তা দিয়ে থাকে, আর ইয়েল বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষার্থীদের প্রমাণিত আর্থিক প্রয়োজনের ১০০ শতাংশ পর্যন্ত সাধারণত স্কলারশিপের মাধ্যমে পূরণ করা হয়ে থাকে।
অন্যদিকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটিতে যোগ্য আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য প্রয়োজনের ওপর ভিত্তি করে বৃত্তি ও গ্র্যান্টের ব্যবস্থাও রয়েছে। এক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় ১ লাখ ডলারের নিচে হলে টিউশন নেওয়া হয় না এবং ২ লাখ ডলার পর্যন্ত আয় থাকা পরিবারগুলোর শিক্ষার্থীরাও ফুল টিউশন কভারেজ পেতে পারেন।এছাড়া নারীদের জন্য রয়েছে AAUW আন্তর্জাতিক ফেলোশিপ, যা যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন এমন নারী শিক্ষার্থীদের মাস্টার্স, ডক্টরাল ও পোস্টডক্টরাল পর্যায়ে পড়াশোনায় সহায়তা করে। তবে পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে কাজ করার শর্ত মানার বাধ্যবাধকতা রয়েছে। অভিজ্ঞ পেশাজীবীদের জন্য রয়েছে হিউবার্ট হামফ্রে ফেলোশিপ। এটি ১০ মাসের একটি নন ডিগ্রি প্রোগ্রাম, যেখানে টিউশন, মাসিক জীবনযাপন ভাতা, বিমান ভাড়া, স্বাস্থ্যবীমা ও বইয়ের খরচের মতো সুবিধা পাওয়া যেতে পারে।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ফুল ফান্ডেড মানেই যে প্রতিটি খরচ শতভাগ কভার হবে এমন নয়। তাই আবেদন করার আগে প্রতিটি স্কলারশিপের যাবতীয় শর্ত ও যোগ্যতা, মেয়াদ, আবেদন প্রক্রিয়া এবং কোন কোন খরচ কভার করা হচ্ছে, তা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য থেকে যাচাই করে নিতে হবে।
logo-1-1740906910.png)