Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

নতুন ভিসা পলিসি; বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ফিরতে বলল হার্ভার্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:২০

নতুন ভিসা পলিসি; বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ফিরতে বলল হার্ভার্ড

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় পরিবর্তন আসছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের সতর্ক করে জানিয়েছে, নতুন ভিসা নিয়ম কার্যকর হওয়ার আগে অর্থাৎ ১৫ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসা উচিত। কারণ ওই তারিখের পর এফ-১ ও জে-১ ভিসাধারীদের জন্য নতুন নিয়ম চালু হবে, যা তাদের ভর্তি ও অবস্থান প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) প্রস্তাবিত পরিবর্তনে বর্তমান “ডিউরেশন অব স্ট্যাটাস” বা ডি/এস ব্যবস্থা বাতিল করা হচ্ছে। এর পরিবর্তে শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে। অর্থাৎ, শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তাদের ফর্ম আই-৯৪-তে “অ্যাডমিট আনটিল ডেট” উল্লেখ থাকবে, যা তাদের থাকার অনুমতির শেষ তারিখ নির্ধারণ করবে।

যেসব শিক্ষার্থী নতুন নিয়ম কার্যকর হওয়ার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং ভিসার শর্ত মেনে চলবেন, তারা ট্রানজিশন ব্যবস্থার আওতায় থাকবেন। তবে যারা ওই সময়ের পর বিদেশ থেকে ফিরে আসবেন, তাদের নতুন নির্দিষ্ট সময়সীমার নিয়মে পড়তে হবে। এতে তাদের পড়াশোনা, গ্রেস পিরিয়ড, প্রোগ্রাম পরিবর্তন, বিশ্ববিদ্যালয় বদলানো বা অন্যান্য প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে। বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। কারণ তারা যদি ওই সময়ের মধ্যে দেশে যান, ফিরে আসার সময় নতুন নিয়মে পড়তে পারেন। শিক্ষার্থীদের ফর্ম আই-২০ বা ডিএস-২০১৯ এবং আই-৯৪ রেকর্ড ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

যারা পড়াশোনা শেষ করতে অতিরিক্ত সময় চাইবেন বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কিংবা এসটিইএম ওপিটি নিতে চান, তাদের নতুন এক্সটেনশন প্রক্রিয়ার দিকে বিশেষ নজর দিতে হবে।

এই নীতি নিয়ে ইতোমধ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শ্রম সংগঠনগুলো আইনি চ্যালেঞ্জ করেছে। তবে আদালত বা সরকারের পক্ষ থেকে কোনো পরিবর্তন না আসা পর্যন্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও সরকারি আপডেট মেনে চলতে বলা হয়েছে।

Logo