কানাডার অন্টারিওতে স্বাস্থ্যবীমায় খরচ বাড়ল ২০ শতাংশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:১৯
কানাডার অন্টারিও প্রদেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা ইউনিভার্সিটি হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানের (ইউএইচআইপি) প্রিমিয়াম বাড়ানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে অন্তত ১৫৬ ডলার বেশি দিতে হবে। তিন সদস্যের পরিবারের ক্ষেত্রে এই বাড়তি খরচ দাঁড়াবে ৪৬৮ ডলার।
ইউএইচআইপি ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, একক শিক্ষার্থীর বার্ষিক প্রিমিয়াম ৭৯২ ডলার থেকে বেড়ে হয়েছে ৯৪৮ ডলার। তিন সদস্যের পরিবারের ক্ষেত্রে প্রিমিয়াম ২ হাজার ৩৭৬ ডলার থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৮৪৪ ডলার।
অন্টারিওর ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বীমা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে টরন্টো বিশ্ববিদ্যালয়, ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কুইন্স বিশ্ববিদ্যালয়, ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়সহ আরো অনেক প্রতিষ্ঠান। ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য খরচের সঙ্গে ইউএইচআইপি প্রিমিয়ামও স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যায়।
তবে কিছু ক্ষেত্রে শিক্ষার্থীরা ইউএইচআইপি থেকে অব্যাহতি পেতে পারেন। যেমন যদি তাদের কাছে অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান (ওএইচআইপি) থাকে, অন্য কোনো অনুমোদিত বীমা থাকে, কূটনৈতিক মর্যাদা থাকে অথবা নিজ দেশের সরকারের স্পন্সর করা বীমা থাকে। কিন্তু বাস্তবে খুব কম শিক্ষার্থীই এসব শর্ত পূরণ করতে পারেন। অন্টারিওতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্থায়ী বাসিন্দা হিসেবে ওএইচআইপি সুবিধা পান না, যা আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ার মতো প্রদেশে পাওয়া যায়।
শিক্ষার্থীদের নির্ভরশীল পরিবার সদস্যরা যদি তাদের সঙ্গে অন্টারিওতে থাকেন, তবে তাদেরও ইউএইচআইপিতে অন্তর্ভুক্ত করতে হবে। তবে এটি স্বয়ংক্রিয় নয়, শিক্ষার্থীদের নিজ উদ্যোগে করতে হয়। বীমা কাভারেজ শুরু হয় শিক্ষার্থী কানাডায় পৌঁছানোর দিন থেকে অথবা পড়াশোনা শুরুর মাসের ১০ তারিখ থেকে।
ইউএইচআইপি বছরে সর্বোচ্চ ১০ লাখ কানাডীয় ডলার পর্যন্ত চিকিৎসা ব্যয় কাভার করে। এতে প্রাথমিক চিকিৎসক দেখানো, ডায়াগনস্টিক টেস্ট, জরুরি বিভাগে চিকিৎসা ও হাসপাতালে অস্ত্রোপচারসহ মৌলিক সেবা অন্তর্ভুক্ত থাকে। তবে এটি ওএইচআইপি সমতুল্য নয়।
এছাড়া অনেক শিক্ষার্থী অতিরিক্ত গ্রুপ স্বাস্থ্যবীমা কিনে থাকেন, যা প্রেসক্রিপশন ওষুধ, দাঁতের চিকিৎসা ও চোখের চিকিৎসার মতো সেবা কাভার করে। এসব গ্রুপ বীমা সাধারণত শিক্ষার্থীদের নিজস্ব সংগঠন থেকে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে এটিও বাধ্যতামূলক। অব্যাহতি পেতে হলে শিক্ষার্থীকে অন্য কোনো সমতুল্য বীমার প্রমাণ দেখাতে হয়।
logo-1-1740906910.png)