আমিরাতে আছে প্রবাসীদের চাকরির ১২ ধরনের ওয়ার্ক পারমিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:০২
সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় (MoHRE) জানিয়েছে, বৈধ কর্মপারমিট ছাড়া কোনো ব্যক্তি দেশটিতে কাজ করতে পারবেন না। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত প্রক্রিয়া অনুযায়ী পারমিট ছাড়া কোনো নিয়োগকর্তা কর্মী নিয়োগ দিতে পারবেন না। শ্রম আইন কর্মসংস্থান সম্পর্ক নিয়ন্ত্রণ, অপব্যবহার প্রতিরোধ এবং শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদন বলছে, বর্তমানে ইউএইতে ১২ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে, যা বিভিন্ন কর্মসংস্থান পরিস্থিতি ও কর্মীর অবস্থার ওপর ভিত্তি করে দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো বিদেশ থেকে কর্মী নিয়োগের পারমিট। এই পারমিটের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করে বিদেশি কর্মী আনতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ পারমিট হলো ট্রান্সফার ওয়ার্ক পারমিট। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান পূর্ববর্তী চাকরি শেষ হওয়া একজন বিদেশি কর্মীকে নিয়োগ দিতে পারে। এতে শ্রমবাজারে গতিশীলতা বাড়ে এবং নিয়ন্ত্রণও বজায় থাকে।
পরিবারের ওপর নির্ভরশীল ভিসাধারীদের জন্যও আলাদা পারমিট রয়েছে। এ ধরনের পারমিটের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ করে তারা চাকরিতে যোগ দিতে পারেন। স্বল্পমেয়াদি প্রয়োজনের জন্য রয়েছে টেম্পোরারি ওয়ার্ক পারমিট, যা নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগের সুযোগ দেয়। একইভাবে মিশন ওয়ার্ক পারমিট বিদেশ থেকে আনা কর্মীদের নির্দিষ্ট প্রকল্প বা কাজের জন্য নিয়োগের সুযোগ করে দেয়।
পার্ট-টাইম ওয়ার্ক পারমিটের মাধ্যমে কর্মীরা কম সময়ের ভিত্তিতে কাজ করতে পারেন। মন্ত্রণালয়ের অনুমোদন থাকলে তারা একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। তরুণদের জন্য রয়েছে জুভেনাইল ওয়ার্ক পারমিট, যা ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের কঠোর শর্তসাপেক্ষে নিয়োগের সুযোগ দেয়।
শিক্ষার্থীদের জন্য রয়েছে ট্রেনিং বা স্টুডেন্ট এমপ্লয়মেন্ট পারমিট। এর মাধ্যমে ১৫ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় ও শর্তে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে। এছাড়া ইউএই নাগরিক ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নাগরিকদের জন্য আলাদা পারমিট রয়েছে, যা আঞ্চলিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বাড়ায়।
গোল্ডেন রেসিডেন্সি ভিসাধারীদের জন্যও বিশেষ পারমিট রয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি বসবাসকারীরা চাকরিতে যোগ দিতে পারেন। একইভাবে সিটিজেন ট্রেইনি ওয়ার্ক পারমিটের মাধ্যমে ইউএই নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া হয়, যা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান জাতীয়করণে সহায়তা করে।
সবশেষে রয়েছে প্রাইভেট টিউটরিং পারমিট। এর মাধ্যমে যোগ্য ব্যক্তিরা একক বা গ্রুপে শিক্ষার্থীদের ব্যক্তিগত পাঠদান করতে পারেন।
logo-1-1740906910.png)