Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে কর্মীদের আর্থিক সুরক্ষা দিচ্ছে ডব্লিউপিএস সিস্টেম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৬

বাহরাইনে কর্মীদের আর্থিক সুরক্ষা দিচ্ছে ডব্লিউপিএস সিস্টেম

বাহরাইনে কর্মরত প্রবাসী কর্মী-শ্রমিকদের বেতন সঠিক সময়ে, নির্ভুল ও স্বচ্ছভাবে পরিশোধ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে ওয়েজ প্রটেকশন সিস্টেম (WPS)। কিন্তু ডব্লিউপিএস সিস্টেম আসলে কী? 

বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি বলছে, এই ইলেকট্রনিক বেতন ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হচ্ছে এবং দেশটির শ্রমবাজারে জবাবদিহি ও আস্থা বাড়ছে।

এলএমআরএ জানিয়েছে, ওয়েজ প্রটেকশন সিস্টেমের আওতায় নিয়োগকর্তাদের বাধ্যতামূলকভাবে সেন্ট্রাল ব্যাংক অব বাহরাইন অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ করতে হয়। এসব প্রতিষ্ঠান এলএমআরএতে নিবন্ধিত।

এই ব্যবস্থায় নিয়োগকর্তারা এক্সপ্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, ইএমএস ব্যবহার করে কর্মীদের পে-রোল বা বেতনের তথ্য জমা দেন। সংশ্লিষ্ট ব্যাংক তা যাচাই ও অনুমোদনের পর কর্মীদের বেতন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।

ওয়েজ প্রটেকশন সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, কর্তৃপক্ষ রিয়েল টাইমে বেতন পরিশোধের তথ্য পর্যবেক্ষণ করতে পারে। এর ফলে বেতন পেতে দেরি, কম বেতন দেওয়া কিংবা অনিয়মের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।

কর্তৃপক্ষের মতে, এই ব্যবস্থার মাধ্যমে কর্মী ও নিয়োগকর্তার মধ্যে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শ্রম আইন বাস্তবায়ন আরো কার্যকর হচ্ছে এবং শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ওয়েজ প্রটেকশন সিস্টেম বাহরাইনের শ্রমিকবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশটির শ্রমবাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে।

বাহরাইনে আছেন কমপক্ষে ১ লাখ ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি। এই ওয়েজ প্রটেকশন সিস্টেমের কারণে তারাও সুবিধাভোগী হচ্ছেন।

Logo