Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের শ্রমবাজারে রেকর্ড কর্মসংস্থান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:২৭

আমিরাতের শ্রমবাজারে রেকর্ড কর্মসংস্থান

সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে দেশটির শ্রমবাজারে কর্মসংস্থান বেড়েছে ১২.৪ শতাংশ। আগের বছর এই প্রবৃদ্ধি ছিল ১০.৯ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতে নতুন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৭.৮ শতাংশ, যা বিনিয়োগ পরিবেশের শক্তি ও শ্রমবাজারের আকর্ষণীয় অবস্থানকে তুলে ধরে।  

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ ছিল ৫৪.৯ শতাংশ। অর্থাৎ ১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্মীরা শ্রমবাজারের অর্ধেকেরও বেশি। নেতৃত্বের পদে নারীর অংশগ্রহণ দাঁড়িয়েছে ১৭.৪ শতাংশ এবং দক্ষ নারী কর্মীর হার ৪৫.৮ শতাংশ। বেসরকারি খাতের ৩৬ শতাংশ প্রতিষ্ঠান নারীদের নিয়োগ দিয়েছে।  

গত পাঁচ বছরে এমিরাতিদের কর্মসংস্থান বেড়েছে ৩৭৭ শতাংশ। ২০২৫ সালের শেষ নাগাদ বেসরকারি খাতে কর্মরত এমিরাতি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার। ‘নাফিস’ কর্মসূচি চালুর পর থেকে স্থানীয়দের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠান বেড়েছে ৩২০ শতাংশ।  

মোহরি শ্রমবাজারে ৯টি পেশাগত স্তর নির্ধারণ করেছে, যা আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) মানদণ্ড অনুযায়ী সাজানো। এর মধ্যে পাঁচটি স্তরকে দক্ষ শ্রম হিসেবে ধরা হয়। দক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন হতে হবে ৪ হাজার দিরহাম এবং তাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের ওপরে হতে হবে। এই শ্রেণিবিন্যাসের মাধ্যমে চাকরির বিবরণ, যোগ্যতা ও ক্যারিয়ার পথ স্পষ্ট করা হয়েছে।  

২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে কোম্পানির সংখ্যা বেড়েছে ৪৫.৭৬ শতাংশ, মোট কর্মসংস্থান বেড়েছে ১০১.৭৬ শতাংশ এবং দক্ষ কর্মীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। নারীর অংশগ্রহণও দ্বিগুণ হয়েছে।  

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিকদের অধিকার সুরক্ষায় ব্যাপক সংস্কার আনা হয়েছে। বর্তমানে ৯৯ শতাংশ শ্রমিক মজুরি সুরক্ষা ব্যবস্থার আওতায় এবং একই হারে তারা বীমা সুবিধা পাচ্ছেন। বেকারত্ব বীমার আওতায় রয়েছে ৮৩ শতাংশ কর্মী। এছাড়া চারটি সঞ্চয় তহবিল অনুমোদন দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যবীমা প্যাকেজ চালু হয়েছে, যার প্রিমিয়াম শুরু হচ্ছে ৩২০ দিরহাম থেকে।    

মোহরি জানিয়েছে, ২০৩১ সালের মধ্যে শ্রমবাজারের সব সেবা ও তথ্য বিশ্লেষণে ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করা হবে। ইতোমধ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে শ্রমবাজারের কার্যক্রম ও সেবা পুনর্গঠন করা হয়েছে। 

Logo