Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাংলাদেশ থেকে ট্যাক্সিচালক নিচ্ছে দুবাই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:১৯

বাংলাদেশ থেকে ট্যাক্সিচালক নিচ্ছে দুবাই

দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়োগের জন্য আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫)। প্রার্থীদের সরাসরি বাছাই করতে দুবাই থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।

গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশ থেকে চালক নেওয়ার আগ্রহ প্রকাশ করে। বর্তমানে কোম্পানিটির প্রায় ১৫ হাজার কর্মী ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। চাকরির মেয়াদ দুই বছর, তবে নবায়নের সুযোগ রয়েছে। নির্বাচিত চালকরা কোম্পানির নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করতে পারবেন।

প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা এবং এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থাও থাকবে। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর থেকে নির্ধারিত অর্থ প্রতি মাসে বেতন থেকে কেটে নেওয়া হবে। অন্যান্য সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন ও কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সঙ্গে রাখতে হবে মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি, সাদা পটভূমির পাসপোর্ট সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স ও এর রঙিন ফটোকপি। এছাড়া জীবনবৃত্তান্ত (সিভি) এবং শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপিও সঙ্গে রাখতে হবে।

দুবাইয়ে ট্যাক্সিচালক হিসেবে কাজ করতে আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ভুয়া দালাল বা প্রতারণার ঝুঁকি কম থাকবে। প্রবাসে কর্মসংস্থানের নতুন এই উদ্যোগ অনেক পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

Logo