বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভার জানিয়েছে, ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ) কৃষি শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে। শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের অনুমোদনক্রমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
ফলে এখন থেকে ওমানের কৃষকরা চাইলে বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন। তবে প্রাথমিকভাবে কেবল ওএএ-এর আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যরা এই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদনকারীদের জমির মালিকানা বা ইজারা সংক্রান্ত সনদ (হিয়াজা), জাতীয় পরিচয়পত্র, মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ মৌসুমের জন্য ফসলের ধরন ও চাষকৃত জমির বিবরণসহ ‘কৃষি আবাদ ফরমের’ অনুলিপি জমা দিতে হবে। ইবরির আল মুরতাফা এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি কার্যদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে আবেদন গ্রহণ করা হবে।
সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অসম্পূর্ণ আবেদন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
ওমানের সরকারি সংস্থা সনদ সার্ভিসেসের একটি অফিসের মালিক জানিয়েছেন, ওমানজুড়ে নিবন্ধিত কৃষি সমিতিগুলোর সদস্যদের জন্য সর্বমোট ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিকের একটি অনুমোদিত কোটা সংরক্ষিত রয়েছে। এই শ্রমিকদের ওমানের বিভিন্ন গভর্নরেটে ভাগ করে দেওয়া হবে। প্রতিটি গভর্নরেট বা কৃষি সমিতি সর্বোচ্চ ৩৩০ জন শ্রমিক নিয়োগের সুযোগ পাবে।
বাংলাদেশি শ্রমিকদের জন্য এই সুযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নির্মাণ, সেবা ও শিল্প খাতে শ্রমিক পাঠানো হলেও কৃষি খাতে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং প্রবাসী আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)