Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে নার্সিং পেশায় বিদেশিদের জন্য বাড়ছে সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৪

জার্মানিতে নার্সিং পেশায় বিদেশিদের জন্য বাড়ছে সুযোগ

জার্মানিতে ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা ও দীর্ঘায়িত আয়ুষ্কালের কারণে স্বাস্থ্যসেবায় নার্সিং পেশার চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রায় ১৮ লাখ মানুষ নার্সিং খাতে কর্মরত, যার মধ্যে ২০ শতাংশই বিদেশি নাগরিক। তবুও প্রায় ৩১ হাজার পদ এখনো শূন্য রয়েছে। ফলে আন্তর্জাতিক নার্সরা জার্মানির হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

জার্মানিতে নার্সদের বলা হয় “Pflegefachfrau/-mann” বা “Pflegefachperson”। তারা কাজ করেন হাসপাতাল, দীর্ঘমেয়াদি সেবা কেন্দ্র, হোম কেয়ার, পুনর্বাসন কেন্দ্র এবং প্যালিয়েটিভ কেয়ারে। রোগীদের পর্যবেক্ষণ, সহায়তা, চিকিৎসকের নির্দেশনা পালন, চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা নার্সদের দায়িত্বের অংশ। ব্যক্তিগত পরিচর্যা, পুষ্টি, চলাফেরায় সহায়তা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণও তাদের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে।

জার্মানিতে নার্সিং একটি নিয়ন্ত্রিত পেশা। বিদেশি নার্সদের কাজ করতে হলে তাদের যোগ্যতা জার্মান কর্তৃপক্ষের মাধ্যমে স্বীকৃত হতে হবে। এজন্য দুটি পথ রয়েছে— প্রশিক্ষণ রেকর্ডের ভিত্তিতে সমতুল্যতা যাচাই অথবা সরাসরি অভিযোজন কর্মসূচি সম্পন্ন করা। যদি যোগ্যতা পুরোপুরি মেলে না, তবে জ্ঞান পরীক্ষা বা অভিযোজন সময় পার করতে হয়।

স্বীকৃতির জন্য অবশ্যই জার্মান ভাষায়০ বি২ স্তরের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থতার সনদ এবং অপরাধমুক্ত থাকার প্রমাণপত্র জমা দিতে হয়। ইউরোপীয় ইউনিয়ন, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইনের নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি পান। অন্য দেশের নাগরিকদের জন্য প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ।

ইইউ নাগরিকদের জন্য ভিসা প্রয়োজন নেই। তবে বাংলাদেশসহ অন্যান্য দেশের নার্সদের জন্য কাজের ভিসা আবশ্যক। নার্সিং পেশায় ইইউ ব্লু কার্ড প্রযোজ্য নয়। যারা পূর্ণ স্বীকৃতি পাননি, তারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করতে পারেন। এছাড়া “Opportunity Card” এর মাধ্যমে জার্মানিতে প্রবেশ করে চাকরি খোঁজার সুযোগও রয়েছে।

যোগ্যতা, ভাষাজ্ঞান ও প্রয়োজনীয় নথিপত্র থাকলে বাংলাদেশি নার্সরাও এই সুযোগ কাজে লাগাতে পারেন। টেকসই ক্যারিয়ার গড়তে জার্মানির স্বাস্থ্যসেবা খাত এখন বিদেশি নার্সদের জন্য এক উজ্জ্বল সম্ভাবনার ক্ষেত্র।

Logo