Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ওয়ার্ক পারমিট ছাড়াই কাজের সুযোগ কানাডার যে তিনটি খাতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৩৮

ওয়ার্ক পারমিট ছাড়াই কাজের সুযোগ কানাডার যে তিনটি খাতে

কানাডায় কাজ করতে চাইলে সাধারণত ওয়ার্ক পারমিট প্রয়োজন হয়। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বিদেশি নাগরিকরা পারমিট ছাড়াই কাজ করতে পারেন। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (IRCC) জানিয়েছে, ব্যবসায়িক ভিজিটর, বিদেশি নিয়োগকর্তার হয়ে দূর থেকে কাজ করা ডিজিটাল নোম্যাড এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তে পারমিট ছাড়াই কাজ করতে পারবেন।

ব্যবসায়িক ভিজিটর হিসেবে কানাডায় প্রবেশ করলে স্থানীয় শ্রমবাজারে সরাসরি যুক্ত হওয়া যাবে না। অর্থাৎ কানাডার কোনো কোম্পানিতে চাকরি করা যাবে না, বরং আয় ও ব্যবসার মূল কেন্দ্র থাকতে হবে দেশের বাইরে। আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রম যেমন পণ্য ক্রয়, প্রশিক্ষণ গ্রহণ, বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ, ট্রেড শো বা প্রদর্শনীতে যোগ দেওয়া; এসব কার্যক্রমে অংশ নেওয়া যাবে।

এছাড়া বিক্রয়-পরবর্তী সেবা যেমন যন্ত্রপাতি মেরামত বা পরীক্ষা-নিরীক্ষা করাও ব্যবসায়িক ভিজিটরের আওতায় পড়বে। সাধারণত ছয় মাস পর্যন্ত কানাডায় অবস্থান করা যায়। তবে প্রবেশের সময় প্রমাণ দিতে হবে যে কার্যক্রম আন্তর্জাতিক এবং কানাডার শ্রমবাজারে প্রতিযোগিতা তৈরি করছে না।

ডিজিটাল নোম্যাড হিসেবে বিদেশি নিয়োগকর্তার হয়ে দূর থেকে কাজ করলে কানাডায় ওয়ার্ক পারমিট প্রয়োজন হয় না। শর্ত হলো নিয়োগকর্তার কানাডায় কোনো ব্যবসায়িক উপস্থিতি থাকবে না এবং কানাডার কোনো ক্লায়েন্ট বা কোম্পানি থেকে আয় করা যাবে না।

ডিজিটাল নোম্যাডরা ভিজিটর ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (eTA) নিয়ে কানাডায় প্রবেশ করতে পারেন এবং সর্বোচ্চ ছয় মাস অবস্থান করতে পারেন। আয় সম্পূর্ণভাবে বিদেশ থেকে আসছে তা প্রমাণ করতে হবে। এজন্য চাকরির চুক্তি, বেতন স্লিপ, বিদেশি ক্লায়েন্টের সঙ্গে চুক্তি, বিদেশি কর রেকর্ড বা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে।

সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ব্যবসায়িক পরামর্শ বা অনলাইন টিউটরিংয়ের মতো কাজ ডিজিটাল নোম্যাড হিসেবে করা সম্ভব।

কানাডায় পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তে কাজ করতে পারেন। শিক্ষার্থীদের স্টাডি পারমিটে কাজের অনুমতি থাকলে আলাদা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না। সাধারণত সেমিস্টারের সময় সপ্তাহে নির্দিষ্ট ঘণ্টা এবং ছুটির সময় পূর্ণকালীন কাজ করার সুযোগ থাকে।

Logo