Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে দুই লাখের বেশি কর্মী পাঠানোর আশা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:০৮

কাতারে দুই লাখের বেশি কর্মী পাঠানোর আশা

কাতার চলতি বছর বাংলাদেশ থেকে দুই লাখের বেশি কর্মী নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ১৮ মে ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী জানান, তাঁর দেশ বাংলাদেশের পাঁচটি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান এবং ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষভাবে আগ্রহী। তিনি বলেন, বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন, যাদের মধ্যে ৩০ শতাংশ উন্নয়ন খাতে নিয়োজিত। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করে তিনি জানান, অদক্ষ কর্মীদের দক্ষ করে তুলতে কাতারে ইতোমধ্যেই দুটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে ঢাকায় মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তিনি কাতারের শ্রমমন্ত্রীকে দেশের আটটি বিভাগীয় শহরে ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের অনুরোধ জানান। এতে স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।

মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের অধীনে ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বৈদেশিক কর্মসংস্থান সংশ্লিষ্ট ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া ডাক্তার, নার্স, প্রকৌশলী, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্যও কাতারকে আহ্বান জানানো হয়েছে।

বৈঠকের শুরুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে কাতারের আমির মানবতার অনন্য নজির স্থাপন করেছেন।

২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখের বেশি কর্মী কাতারে গিয়েছিলেন। এবার সেই সংখ্যার দ্বিগুণ কর্মী নেওয়ার আশা প্রকাশ করেছে দোহা কর্তৃপক্ষ। কাতারের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেছেন, বাংলাদেশি কর্মীদের জন্য আরও সুযোগ তৈরি হবে এবং ভিসা সেন্টার বৃদ্ধির বিষয়টি তিনি তাঁর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

Logo