Logo
×

Follow Us

বাংলাদেশ

দূতাবাস ও পাসপোর্টে পদায়ন চায় পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৫০

দূতাবাস ও পাসপোর্টে পদায়ন চায় পুলিশ

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ১০ মে থেকে শুরু হলো চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন এ আয়োজন।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের পুলিশ সপ্তাহে সরকারের নীতিনির্ধারকদের কাছে বেশ কিছু দাবি তুলে ধরবে পুলিশ। এর মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনে পুলিশ লিয়াজোঁ অফিসার নিয়োগ, দুর্নীতি দমন কমিশন (দুদক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিআইডব্লিউটিএ এবং বিআরটিএতে পদায়ন। এছাড়া সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, মেডিকেল সার্ভিস চালু, স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এবং এভিয়েশন পুলিশ গঠন করার দাবিও জানানো হবে।

পুলিশ কর্মকর্তারা মনে করেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী শ্রমিকদের সুরক্ষা, প্রবাসীদের নিরাপত্তা, পাসপোর্ট ও অভিবাসন-সংক্রান্ত সেবা দিতে দূতাবাসে পুলিশ কর্মকর্তা পদায়ন যৌক্তিক। দেশে অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেও লিয়াজোঁ অফিসাররা কার্যকর ভূমিকা রাখতে পারবেন। মানব পাচারের শিকার বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও এ পদায়ন গুরুত্বপূর্ণ হবে বলে তারা মনে করেন।

এবারের পুলিশ সপ্তাহে সিলেট ও বরিশালে দুটি নতুন পুলিশ ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবও তোলা হবে। এর আগে পুলিশের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নাকচ হলেও এবার আবারো মেডিকেল সার্ভিস প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে।

এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে কর্মকর্তারা বলেন, উগ্রবাদ, মাদক, অস্ত্র ও মানব পাচার দমনে দ্রুত অভিযানে যেতে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত একটি ইউনিট দরকার। এর আগে পুলিশের জন্য দুটি হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে কেনা হেলিকপ্টারগুলো এখনো দেশে আসেনি।

পুলিশ সপ্তাহে প্রতি বছরই কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক দেওয়া হয়। এবারো ১০৭ জন সদস্যকে পদক দেওয়ার তালিকা করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে বিতর্কিত কয়েকজনের নাম তালিকায় থাকায় পদক প্রদানের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

চার দিনব্যাপী পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সম্মেলনে অংশ নেবেন। এসব অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে নতুন কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

Logo