অস্ট্রেলিয়ায় অভিবাসীদের দক্ষতার বিপুল অপচয় হচ্ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮
অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসীদের দক্ষতা ও যোগ্যতা কাজে লাগানো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সাবেক ট্রেজারি সচিব মার্টিন পার্কিনসন বলেছেন, দেশটি অভিবাসীদের প্রতিভা “শিল্প পর্যায়ে” অপচয় করছে। প্রায় ৬ লাখ ২০ হাজার স্থায়ী অভিবাসী নিজেদের প্রশিক্ষিত পেশায় কাজ করছেন না, অথচ সেই একই খাতে শ্রমিক সংকট তীব্র।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষতা স্বীকৃতি ও পেশাগত লাইসেন্সিং ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। বর্তমানে এক রাজ্যে প্রশিক্ষিত নার্স বা ইলেকট্রিশিয়ান অন্য রাজ্যে কাজ করতে গেলে নতুন করে লাইসেন্স নিতে হয়। পার্কিনসন উদাহরণ দিয়ে বলেন, “যেমন একসময় রেলপথে ভিন্ন ভিন্ন গেজ ব্যবহারের কারণে সীমান্ত পেরোতে সমস্যা হতো, পরে একীভূত ব্যবস্থা চালু করা হয়। কিন্তু এখনো দক্ষতা স্বীকৃতির ক্ষেত্রে আমরা সেই সমস্যায় আটকে আছি।”
তিনি সতর্ক করে বলেন, অস্ট্রেলিয়া এখন স্থবির অর্থনীতি ও মূল্যস্ফীতির ঝুঁকিতে রয়েছে। উৎপাদনশীলতা বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি। দক্ষতা স্বীকৃতি ব্যবস্থায় সংস্কার আনলে শ্রমবাজারে সংকট কমবে এবং উৎপাদনশীলতা বাড়বে।
জাতীয় প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে পার্কিনসনের সঙ্গে ছিলেন স্যাটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ভায়োলেট রুমেলিওটিস। তারা একসঙ্গে “অ্যাক্টিভেট অস্ট্রেলিয়া’স স্কিলস” ক্যাম্পেইন প্রচার করেন। এটি ১০০টিরও বেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান, ইউনিয়ন ও নিয়োগকর্তাদের একটি জোট, যারা দক্ষতা স্বীকৃতি ব্যবস্থার সংস্কার দাবি করছে।
পার্কিনসন বলেন, “আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করেছি, যা অভিবাসীদের পূর্ণ সক্ষমতায় কাজ করতে বাধা দেয়। প্রশ্ন হলো, আমরা যাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, তাদের দক্ষতা থেকে কি যথাযথ অর্থনৈতিক মূল্য পাচ্ছি?”
অস্ট্রেলিয়ার শ্রমবাজারে দক্ষ অভিবাসীদের সঠিকভাবে কাজে লাগাতে না পারা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধির জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
logo-1-1740906910.png)