Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সে নতুন বিধিনিষেধের প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২১

বাহরাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সে নতুন বিধিনিষেধের প্রস্তাব

বাহরাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সে নতুন বিধিনিষেধ আরোপের প্রস্তাব সংসদে উঠেছে। দুটি খসড়া বিল নিয়ে আগামী সপ্তাহে সংসদে উত্তপ্ত বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।  

প্রথম প্রস্তাবে ট্রাফিক আইনে নতুন ধারা যুক্ত করার কথা বলা হয়েছে। এতে নির্বাহী বিধিমালার মাধ্যমে বিদেশিদের জন্য অতিরিক্ত শর্ত আরোপের সুযোগ থাকবে। অর্থাৎ আবেদনকারীর প্রয়োজনীয়তা যাচাই করে লাইসেন্স দেওয়া হবে। দ্বিতীয় প্রস্তাবে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদকে বসবাসের অনুমতির মেয়াদের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে।  

সংসদের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা কমিটি ইতোমধ্যে প্রস্তাব দুটি অনুমোদন করেছে। কমিটির চেয়ারম্যান এমপি হাসান বুকহামাস বলেছেন, দেশের যানজট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নাগরিকদের তুলনায় প্রবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় গাড়ির মালিকানা ও ব্যবহারও বেড়েছে। তাই এই প্রস্তাব সরকারের হাতে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ করে দেবে।  

তবে সরকার ও মানবাধিকার সংস্থাগুলো প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে। সরকারের এক বিস্তারিত নথিতে বলা হয়েছে, বিদ্যমান আইনের ১৯(৩) ধারা ইতিমধ্যেই নির্বাহী বিধিমালাকে অতিরিক্ত শর্ত আরোপের ক্ষমতা দিয়েছে। নতুন প্রস্তাব সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার অর্থাৎ চলাচলের স্বাধীনতা লঙ্ঘন করতে পারে এবং আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।  

সরকারের মতে, নির্বাহী বিধিমালাকে পূর্ণ ক্ষমতা দিলে বিদেশিদের চলাচলের স্বাধীনতা একটি মৌলিক অধিকার থেকে শর্তসাপেক্ষ সুবিধায় পরিণত হবে। দ্বিতীয় প্রস্তাব বাস্তবায়নও কঠিন, কারণ বসবাসের অনুমতির মেয়াদ ব্যক্তি ভেদে ভিন্ন হয়।  

অভ্যন্তরীণ মন্ত্রণালয়ও সরকারের অবস্থানকে সমর্থন করেছে। তারা বলেছে, মৌলিক অধিকারের সারবত্তা অক্ষুণ্ণ রাখতে হবে এবং প্রস্তাবিত সংশোধন যানজট সমস্যার কার্যকর সমাধান নয়। বিচার, ইসলামিক বিষয়ক ও ওয়াকফ মন্ত্রণালয়ও সরকারের আইনি মতকে সমর্থন করেছে। 

জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করেছে যে, প্রস্তাবটি আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের ১২ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করতে পারে, যেখানে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।  

তবুও সংসদীয় কমিটি সর্বসম্মতভাবে প্রস্তাব অনুমোদন করেছে। এমপি বুকহামাস বলেছেন, “আমরা কারো চলাচলের অধিকার কেড়ে নিতে চাই না। আমরা শুধু একটি বাড়তে থাকা সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে চাই। নির্বাহী বিধিমালা ন্যায্যতা নিশ্চিত করবে এবং যানজট কমাতে সহায়ক হবে।”  

শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে বাহরাইনে ৬৪ হাজার ৮৫৪ জন প্রবাসী পেশাগত অনুমতিতে নিবন্ধিত আছেন, আর স্পন্সরশিপ ব্যবস্থায় নিবন্ধিত আছেন ৫ লাখ ৬২ হাজার ৯২৭ জন।  

আগামী মঙ্গলবার সংসদে এ নিয়ে তীব্র বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে যানজট নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, অন্যদিকে সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির প্রতি দায়বদ্ধতা; এই দুই বিষয়কে সামনে রেখে এমপিদের সিদ্ধান্ত নিতে হবে।

Logo