Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বাস্থ্য খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী মালদ্বীপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪০

স্বাস্থ্য খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী মালদ্বীপ

মালদ্বীপকে বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের শ্রম সহযোগিতা আরো জোরদার করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠকে তিনি ১২ মার্চ থেকে মালদিভিয়ান জাতীয় বিমান সংস্থার মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি স্বাগত জানান। তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং সার্কের আওতায় আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা তুলে ধরে বলেন, বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানো হলে উভয় দেশই লাভবান হবে।

বৈঠকে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ তার দেশে বাংলাদেশের কর্মীদের অবদানের প্রশংসা করেন। তিনি বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশি পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার বলেন, বাংলাদেশি কর্মীরা মালদ্বীপের উন্নয়ন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় তিনি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। প্রতিমন্ত্রীও মালদ্বীপের সাম্প্রতিক উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি প্রশংসা করেন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Logo