Logo
×

Follow Us

বাংলাদেশ

পাইলট হওয়ার সুযোগ, যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ দেবে ইউএস-বাংলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:৩৬

পাইলট হওয়ার সুযোগ, যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ দেবে ইউএস-বাংলা

দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য পাইলট হওয়ার নতুন সুযোগ তৈরি করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ক্যাডেট পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিতদের যুক্তরাষ্ট্রের ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণ দিয়ে পরে এয়ারলাইন্সটিতে ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এয়ারলাইন্স সংস্থাটি। 

ইউএস-বাংলা আরো জানিয়েছে, বিশ্বজুড়ে পাইলট সংকট বাড়তে থাকায় ভবিষ্যৎ চাহিদা পূরণে এখন থেকেই দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কমার্শিয়াল পাইলট লাইসেন্স অর্জন করবেন। এরপর সফল প্রশিক্ষণার্থীরা ইউএস-বাংলায় ট্রেইনি ফার্স্ট অফিসার হিসেবে যোগ দিতে পারবেন।

বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০ ও ৯টি বোয়িং ৭৩৭-৮০০ রয়েছে। নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার আগেই প্রয়োজনীয় পাইলট প্রস্তুত করার পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছে।

আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে উচ্চ ফলাফল থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৫ এবং ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। পাশাপাশি পদার্থবিজ্ঞান ও গণিতে নির্ধারিত ফল থাকতে হবে। ‘ও’ ও ‘এ’ লেভেল শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৬৮ সেন্টিমিটার এবং মেয়েদের ১৬৪ সেন্টিমিটার নির্ধারণ করা হয়েছে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে আবেদনযোগ্য হবেন না।

নির্বাচন প্রক্রিয়ায় থাকবে আইকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। নির্বাচিতদের ইউএস-বাংলার ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

আবেদন করা যাবে ইউএস-বাংলার ওয়েবসাইটের ক্যারিয়ার বিভাগে। আবেদনের শেষ তারিখ ১১ এপ্রিল ২০২৬।

Logo