ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:১৭
বাংলাদেশের দক্ষ জনশক্তিকে ইউরোপীয় শ্রমবাজারে প্রতিষ্ঠিত করতে ১০ লাখ দক্ষ কর্মী রপ্তানির মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি ইতালির রাজধানী রোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আগামী পাঁচ বছরে স্বাস্থ্যসেবা, নির্মাণ, কৃষি, তথ্যপ্রযুক্তি, মেকানিক্যাল এবং আতিথেয়তা খাতে বিপুলসংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন হবে। এই চাহিদা পূরণে বাংলাদেশকে এখন থেকেই কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফিকেশন কার্যক্রম জোরদার করতে হবে।
বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির প্রধান শাহ তাইফুর রহমান ছোটন বলেন, পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। তবে এর জন্য প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন, দূতাবাস সেবার মানোন্নয়ন, আইনি সহায়তা বৃদ্ধি এবং শ্রমচুক্তির স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ বলেন, এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে একদিকে ইউরোপীয় শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে, অন্যদিকে দেশের বেকারত্ব হ্রাস ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আয়োজকরা জানান, পরিকল্পনা সফল করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। দক্ষ জনশক্তি রপ্তানি শুধু রেমিট্যান্স প্রবাহ বাড়াবে না, বরং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি রপ্তানির এই মাস্টারপ্ল্যান বাংলাদেশের অর্থনীতি ও শ্রমবাজারে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এটি বাস্তবায়িত হলে প্রবাসী শ্রমিকদের মর্যাদা বাড়বে এবং দেশের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
logo-1-1740906910.png)