মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় যাচাই-বাছাই আরো কঠোর করছে দেশটির সরকার। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও ইংরেজি ভাষায় দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। উচ্চশিক্ষার মান বজায় রাখা এবং যোগ্য শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুয়ালালামপুরে আয়োজিত এডুকেশন সামিটে এ বিষয়ে কথা বলেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক দাতুক প্রফেসর ড. আজলিন্দা আজমান। তিনি জানান, বিদেশি শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ক্রমযোজিত গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (CGPA) এবং ইংরেজি ভাষার দক্ষতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে থাকছে। যোগ্যতা যথাযথভাবে যাচাই না করে শিক্ষার্থী ভর্তি করলে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।
বিদেশি শিক্ষার্থীদের জন্য মালয় ভাষা শেখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আজলিন্দা আজমান জানান, মালয়েশিয়ার স্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, এক সেমিস্টারের মালয় ভাষার কোর্স করতে হবে। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও এ নিয়মের আওতায় থাকবেন। স্থানীয় মানুষের সাথে যোগাযোগ এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে ধারণা তৈরিতে এই ভাষা শিক্ষা সহায়ক হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তার সুযোগ বাড়ানোর উদ্যোগও চলছে। দেশটির ইডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (Education Malaysia Global Services) এবং নামা ফাউন্ডেশন (NAMA Foundation) বিদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণ ও আংশিক বৃত্তির অর্থায়ন নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। এসব সহায়তা শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বহনে ভূমিকা রাখতে পারে।
মালয়েশিয়ার উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোরও উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে। দেশটির ২০২৬-২০৩৫ মেয়াদি উচ্চশিক্ষা পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশটিতে প্রায় ১ লাখ ৭০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন সহজ করতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এরাইভাল সেন্টার চালু করেছে EMGS। সেখানে তিন শিফটে কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের জন্য চারটি নির্দিষ্ট ইমিগ্রেশন লেনের ব্যবস্থা রয়েছে।
EMGS-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ৯৫ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর আবেদন পেয়েছিল, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। বর্তমানে মালয়েশিয়ায় ১৮০টিরও বেশি দেশের শিক্ষার্থী পড়াশোনা করছেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা?
মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে তুলনামূলক জনপ্রিয় একটি উচ্চশিক্ষার গন্তব্য। তবে দেশটিতে পড়তে যাওয়ার পরিকল্পনা করলে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা ভিসা পাওয়ার বিষয়টি বিবেচনা করলেই হবে না; একাডেমিক ফলাফল, ইংরেজি ভাষার দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ভেদে নির্ধারিত ভর্তি শর্ত পূরণের প্রস্তুতিও নিতে হবে।
বিশেষ করে মালয় ভাষার কোর্সের বিষয়টি আগে থেকে জেনে রাখা প্রয়োজন। একই সাথে বৃত্তির সুযোগ বাড়ানোর উদ্যোগ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে বৃত্তি দেয়ার উদ্যোগ চলমান থাকলেও নির্দিষ্ট বৃত্তির আবেদন, অর্থের পরিমাণ ও যোগ্যতা সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সুবিধাকে নিশ্চিত ধরে নেয়া উচিত হবে না।
logo-1-1740906910.png)