রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এর শেষ দিন। দর্শনার্থীদের জন্য বিমান টিকিট, হোটেল বুকিং, ক্রুজ ভ্রমণ এবং ভিসা প্রক্রিয়াকরণে বিভিন্ন ধরনের বিশেষ ছাড় দিচ্ছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। ফলে শেষ দিনেও মেলায় ভ্রমণপ্রেমীদের ভিড় ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনের এই পর্যটন মেলা শনিবার রাত ৮টা পর্যন্ত চলবে। আয়োজকদের মতে, পর্যটন খাতে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মেলায় অংশ নেওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটের টিকিটে ১২ শতাংশ এবং অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। মোট ১৯টি গন্তব্যে এ সুবিধা পাওয়া যাচ্ছে। সংস্থাটির কর্মকর্তাদের মতে, গুয়াংজু, চেন্নাই, জেদ্দা ও দুবাই রুটে যাত্রীদের আগ্রহ সবচেয়ে বেশি।
অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ১৭টি গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। এতে দেশি ও বিদেশি গন্তব্যে ভ্রমণ পরিকল্পনাকারীরা বিশেষ সুবিধা পাচ্ছেন।
ক্রুজ ভ্রমণ ও রিসোর্ট বুকিংয়েও রয়েছে আকর্ষণীয় অফার। সুন্দরবনভিত্তিক বিভিন্ন ট্যুর প্যাকেজে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। দুই রাত ও তিন দিনের সুন্দরবন ভ্রমণ প্যাকেজের দাম শুরু হচ্ছে প্রায় ১২ হাজার টাকা থেকে, যা বিভিন্ন সুবিধার ওপর ভিত্তি করে ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
ভ্রমণসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেউ কেউ ভিসা প্রক্রিয়াকরণেও বিশেষ ছাড় ঘোষণা করেছে। একটি প্রতিষ্ঠান বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং ফিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। একই সঙ্গে ভুটানসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের ভ্রমণ প্যাকেজও প্রদর্শন করা হচ্ছে।
মেলায় চিকিৎসা পর্যটনও বিশেষ গুরুত্ব পেয়েছে। থাইল্যান্ড ও চীনের বিভিন্ন হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং মেডিকেল ভিসা সংক্রান্ত তথ্য দিচ্ছে। চিকিৎসা ব্যয়, হাসপাতাল সুবিধা এবং চিকিৎসা প্যাকেজ সম্পর্কেও দর্শনার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২০টির বেশি দেশের পর্যটন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ২০০টির বেশি বুথ, ২২০টির বেশি প্রদর্শক এবং কয়েক হাজার বাণিজ্যিক ও সাধারণ দর্শনার্থীর উপস্থিতিতে মেলাটি দেশের অন্যতম বড় আন্তর্জাতিক পর্যটন আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
logo-1-1740906910.png)