Logo
×

Follow Us

ইউরোপ

ফ্রান্সে সক্রিয় প্রতারকচক্র; টার্গেট প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ২৩:২২

ফ্রান্সে সক্রিয় প্রতারকচক্র; টার্গেট প্রবাসীরা

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের লক্ষ্য করে নতুন ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ায় সতর্কতা জারি করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের কনস্যুলার শাখা জানায়, দূতাবাসের পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি ফোনের মাধ্যমে প্রবাসীদের কাছে বিভিন্ন সেবার প্রলোভন দেখিয়ে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, মো. বাবুর ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি বিভিন্ন ফোন নম্বর থেকে যোগাযোগ করে ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার কথা বলে ওটিপি চাইছেন বলে দূতাবাসের নজরে এসেছে। তবে দূতাবাস স্পষ্ট করেছে যে, এই নামে বাংলাদেশ দূতাবাস, প্যারিসে কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্মরত নন।

দূতাবাস আরো জানিয়েছে, তারা কোনো ধরনের টিকা বা ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনা করে না। এছাড়া দূতাবাসের নাম ব্যবহার করে ফোন, ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যোগাযোগের ঘটনাও তাদের নজরে এসেছে।

প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, ফোনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে কারো কাছে পাসপোর্টের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর কিংবা কোনো ধরনের ওটিপি শেয়ার করা যাবে না।

সন্দেহজনক নম্বর থেকে ফোন বা বার্তা এলে সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নম্বরটি ব্লক করার পরামর্শও দেওয়া হয়েছে।

দূতাবাসের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা বা এ ধরনের কোনো তথ্য জানা থাকলে দ্রুত দূতাবাসকে অবহিত করতে বলা হয়েছে। এ বিষয়ে mission.paris@mofa.gov.bd ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য এবং ওটিপি সংগ্রহ করে আর্থিক প্রতারণা করার প্রবণতা বেড়েছে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় যাচাই ছাড়া সংবেদনশীল তথ্য শেয়ার না করাই সবচেয়ে নিরাপদ।

Logo