Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

নিরাপত্তা ঝুঁকিতে কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ২৩:২০

নিরাপত্তা ঝুঁকিতে কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সৌদি আরবে বেসামরিক বিমানবন্দর ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় নিরাপত্তা সংকট আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটিতে কর্মরত ‘জরুরি নয়’ এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

আন্তর্জাতিক সংবাদের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বাহিনীর অব্যাহত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইতোমধ্যে বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং আকাশপথে যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে এবং যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের সার্বিক সীমান্ত নিরাপত্তা ভেঙে পড়তে পারে বলেও ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক জরুরি বার্তায় রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের দেশের যে কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে বাধ্যতামূলকভাবে মিশন প্রধানের (Chief of Mission) বিশেষ অনুমতি নিতে হবে।

একই সাথে সৌদি আরবে অবস্থানরত বা ভ্রমণের পরিকল্পনাকারী সাধারণ মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে নতুন করে উচ্চমাত্রার নিরাপত্তা সতর্কতা (Travel Advisory) জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, যে কোনো সময়ে বিমানবন্দরে হামলা, আকাশপথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, গণহারে ফ্লাইট বাতিল এবং বাণিজ্যিক বিমান চলাচলে আকস্মিক বিঘ্ন ঘটার ঝুঁকি রয়েছে। মার্কিন নাগরিকদের যে কোনো ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করা এবং জরুরি প্রয়োজনে দেশত্যাগের বিকল্প রুট প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও সরকারি কর্মীদের সরে যাওয়ার এই সিদ্ধান্ত সৌদি আরবে চলমান নিরাপত্তা সংকটকে নতুন মাত্রা দিল। রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় ইতোমধ্যে ২ জন বাংলাদেশি নিহত ও ২৬ জন আহত হয়েছেন এবং প্রায় ২২ হাজারর প্রবাসী কর্মী দেশে এসে আটকা পড়েছেন। মার্কিন সরকারের এই চরম কড়াকড়ি প্রমাণ করে যে সৌদি আরবের অভ্যন্তরীণ বিমান চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি দিন দিন আরো সংকটাপন্ন হচ্ছে, যা সেখানে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান, জীবনের ঝুঁকি এবং প্রবাসী আয়ের প্রবাহকে এক অভূতপূর্ব অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।

Logo