Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের জলিবে ভবনে অভিযান, প্রবাসীদের ভিড় অন্য এলাকায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ২২:৩৯

কুয়েতের জলিবে ভবনে অভিযান, প্রবাসীদের ভিড় অন্য এলাকায়
কুয়েতের জলিবে ভবনে অভিযান, প্রবাসীদের ভিড় অন্য এলাকায়

কুয়েতের জলিব আল-শুয়ুখ এলাকায় ঝুঁকিপূর্ণ ও নিয়মবহির্ভূত আবাসিক ভবনের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানে বেশ কয়েকটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে। তবে এর ফলে নতুন এক সমস্যা দেখা দিয়েছে। উচ্ছেদ হওয়া অনেক প্রবাসী শ্রমিক আশপাশের এলাকায় গিয়ে আশ্রয় নিচ্ছেন। ফলে সেখানে আবারো অতিরিক্ত জনসংখ্যার চাপ ও গাদাগাদি করে থাকার প্রবণতা বাড়ছে।

আরব টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে জলিব আল-শুয়ুখে জরাজীর্ণ ভবন, অতিরিক্ত বাসিন্দা এবং নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগ ছিল। ভবন মালিকদের একাধিকবার সতর্ক করা হলেও অনেক ক্ষেত্রে সেই তথ্য ভাড়াটিয়াদের জানানো হয়নি। সম্প্রতি সরকার কঠোর অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ করে দেয় এবং কিছু ভবনের বিদ্যুৎ ও অন্যান্য সেবাও বিচ্ছিন্ন করা হয়।

তবে কম খরচে থাকার বিকল্প না থাকায় উচ্ছেদ হওয়া শ্রমিকরা পাশের এলাকাগুলোতে চলে যাচ্ছেন। স্থানীয় সূত্রের দাবি, যেসব কক্ষে অল্পসংখ্যক মানুষের থাকার কথা, সেখানে এখন ৮ থেকে ১০ জন পর্যন্ত থাকছেন। অনেক জায়গায় প্রতি বেড ৪০ থেকে ৫০ কুয়েতি দিনার ভাড়ায় দেওয়া হচ্ছিল। এতে অতিরিক্ত জনসংখ্যার সমস্যা এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে পড়ছে।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ভবনে অনুমোদনের চেয়ে বেশি মানুষ বসবাস করছেন বা ঝুঁকিপূর্ণ পরিবেশে রাখা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

Logo