বাংলাদেশে ভ্রমণ এখন কম ঝুঁকিপূর্ণ: যুক্তরাষ্ট্রের ফরেন অফিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৪৯
বাংলাদেশকে ভ্রমণের জন্য আরো নিরাপদ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন ভ্রমণ পরামর্শে বাংলাদেশকে লেভেল ৩ ("Reconsider Travel") থেকে লেভেল ২ ("Exercise Increased Caution")-এ নামিয়েছে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি কম বলে বিবেচনা করছে ওয়াশিংটন।
৩০ জুলাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিবেশ ও স্থিতিশীলতার প্রতি তাদের আস্থার প্রতিফলন।
বিবৃতিতে বলা হয়, ঢাকায় অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
সার্জিও গর এক বার্তায় বলেন, “আজ সন্ধ্যায় আমি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশটিকে ভ্রমণের জন্য নিরাপদ ঘোষণা করেছে। ফলে ভ্রমণ পরামর্শ লেভেল ৩ থেকে লেভেল ২-এ নামানো হয়েছে। কিছু এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন হলেও সামগ্রিকভাবে এটি দারুণ খবর।”
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের আস্থাকে আরো সুদৃঢ় করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, এই সিদ্ধান্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ইতিবাচক গতিপথকে প্রতিফলিত করে। নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির জন্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দেখা হচ্ছে।
বাংলাদেশ সরকার মনে করছে, এই উন্নতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতে নতুন সুযোগ তৈরি করবে।
logo-1-1740906910.png)