উচ্চশিক্ষার খবর ২৫ জুন ২০২৬
কানাডায় অ্যাসাইলাম আবেদন কমেছে ৮৪%
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৫:৪৪
কানাডায় আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন করার পথ এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে। দেশটির সরকার সেখানে ভিজিট, স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসায় গিয়ে পরে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন করার প্রক্রিয়ায় আরো জটিল নিয়ম বেঁধে দিয়েছে। কানাডা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরে অস্থায়ী ভিসাধারীদের করা অ্যাসাইলাম আবেদনের সংখ্যা ৮৪ শতাংশ কমেছে।
২০২৪ সালের এপ্রিল মাসে যেখানে ১০ হাজার ৯৫ জন টেম্পোরারি রেসিডেন্ট অ্যাসাইলামের আবেদন করেছিলেন, ২০২৬ সালের এপ্রিল মাসে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ১ হাজার ৫৮০ জনে। বিশেষজ্ঞরা বলছেন, কানাডা সরকার অভিবাসন ও সীমান্ত ব্যবস্থায় কঠোর নজরদারি বাড়ানোর পরই এই বড় পরিবর্তন দেখা গেছে। ২৬ মার্চ ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন আইন ‘স্ট্রেনদেনিং কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডারস অ্যাক্ট’ বা বিল সি-১২-এর আওতায় অ্যাসাইলাম পাওয়ার শর্ত আরো কঠোর করা হয়েছে।
এখন ভিসা আবেদন করার সময় দেওয়া তথ্য এবং পরে অ্যাসাইলামের আবেদনে দেওয়া তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি পাওয়া গেলে তা কঠোরভাবে যাচাই করা হচ্ছে। একই সঙ্গে সাময়িক ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে কড়া স্ক্রিনিং। এছাড়া ডিজিটাল পদ্ধতি চালু করে অ্যাসাইলাম প্রক্রিয়া দ্রুত করা হয়েছে, ফলে অযোগ্য আবেদনকারীদের আবেদন দ্রুত বাতিল বা পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যারা অ্যাসাইলাম ব্যবস্থাকে কানাডায় স্থায়ী হওয়ার সহজ পথ হিসেবে দেখতেন, তাদের জন্য এটি বড় সতর্কবার্তা। সরকার বলছে, প্রকৃতপক্ষে যাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, শুধু তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ১৯ জুন ২০২৬ প্রস্তাবিত নতুন কিছু আইন ভবিষ্যতে অ্যাসাইলাম প্রক্রিয়াকে আরো কঠোর ও নিয়ন্ত্রিত করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
logo-1-1740906910.png)