প্রবাস অর্থনীতির খবর
রেকর্ড রেমিট্যান্স আসা কি শ্রমবাজার সংকটের পূর্বাভাস?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৪:৫৫
চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৪৭ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসীদের পাঠানো আয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭৯৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যখন চাকরি সুযোগ কমছে, বেকার হচ্ছেন প্রবাসী কর্মীরা, তখন হঠাৎ করে রেমিট্যান্স আসা বেড়ে যাওয়াকে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের সংকট শুরুর পূর্বাভাস হিসেবে বিবেচনা করছেন অভিবাসন বিশ্লেষকরা।
এর আগে গত মার্চ মাসে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেকর্ড। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ডলার। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।
তবে বিশ্লেষকরা এটাও বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও এর প্রভাব পড়ে। পরিবারগুলো রেমিট্যান্সের অর্থ দিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ব্যয় করছে।
logo-1-1740906910.png)