২০ এপ্রিল দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ৩৫ জন ইপিএস কর্মী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:১৪
আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখে শিডিউল ফ্লাইটে (ভায়া ব্যাংকক) ৩৫ জন ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করবেন। তারা ২১ এপ্রিল কোরিয়ায় প্রবেশ করবেন। এ জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উত্তরার নির্ধারিত হোটেলগুলোতে অবস্থান করে ওয়ানস্টপ সেবা গ্রহণ করতে হবে।
বোয়েসেল প্রকাশিত নোটিশে জানা গেছে, প্রার্থীদের ১৭ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে নির্ধারিত হোটেলে উপস্থিত হয়ে মেডিকেল সেন্টারের প্রতিনিধি কর্তৃক সিফিলিস টেস্ট সম্পন্ন করতে হবে। টেস্টে পজিটিভ হলে হোটেলে অবস্থান করা যাবে না। এ সময় তিন কপি পাসপোর্টের রঙিন কপি, ছবি এবং লেবার কন্ট্রাক্ট সঙ্গে রাখতে হবে।
লাগেজের সাইজ ও ওজন নির্ধারণ করা হয়েছে; চেকড লাগেজ ২৫-২৭ ইঞ্চি, সর্বোচ্চ ২৩ কেজি এবং হ্যান্ড লাগেজ ২১ ইঞ্চি, সর্বোচ্চ ৭ কেজি। লাগেজে কোনো খাদ্যদ্রব্য, মসলা, তামাকজাত দ্রব্য, বডি স্প্রে, আতর বা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ রাখা যাবে না। শীত নিবারণের প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখতে হবে।
প্রত্যেক কর্মীকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে তারা এক বছরের মধ্যে কর্মস্থল পরিবর্তন করবেন না, অবৈধভাবে অবস্থান করবেন না এবং তুচ্ছ কারণে নিয়োগকর্তার বিরুদ্ধে অভিযোগ করবেন না। এই অঙ্গীকারনামায় অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে এবং অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।
প্রশিক্ষণের অংশ হিসেবে প্রার্থীদের মোবাইলে জুম অ্যাপ ইনস্টল করে অনলাইন ক্লাসে অংশ নিতে হবে। ক্লাসে নোটবুক ও কলম সঙ্গে রাখতে হবে। জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
হোটেলে অবস্থানকালে প্রার্থীদের জন্য ওয়ানস্টপ সেবার আওতায় মেডিকেল টেস্ট, টিকিট ফি গ্রহণ, অঙ্গীকারনামা সংগ্রহ, পাসপোর্ট-ভিসা-নেইম ট্যাগ বিতরণ, ই-অ্যারাইভাল কার্ড ও কিউ কোড প্রদানসহ সব কার্যক্রম সম্পন্ন করা হবে। বোয়েসেল কর্তৃপক্ষ লাগেজ চেক করে নিষিদ্ধ দ্রব্য অপসারণ করবে এবং নির্ধারিত পরিবহনের মাধ্যমে বিমানবন্দরে পৌঁছে দেবে।
logo-1-1740906910.png)