যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো আবেদনের শেষ তারিখ যদি সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনে পড়ে, তাহলে সব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত অতিরিক্ত সময় পাওয়া যাবে না।
২৩ অক্টোবর থেকে কার্যকর হওয়া এ নীতির ফলে আবেদনকারীদের সময়সীমা নিয়ে আগের চেয়ে আরো সতর্ক থাকতে হবে। বিশেষ করে অনলাইন আবেদনকারীদের জন্য নতুন নিয়মটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনলাইন আবেদন যে কোনো দিন ও সময় জমা দেওয়া সম্ভব হওয়ায় ছুটির দিনের কারণে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ থাকবে না।
ইউএসসিআইএস জানিয়েছে, কিছু ক্ষেত্রে কাগজভিত্তিক আবেদনের নির্ধারিত শেষ দিন ছুটির দিনে পড়লে পরবর্তী কর্মদিবসে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকতে পারে। তবে এটি সব আবেদন বা অভিবাসন সুবিধার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না। আবেদনকারীদের সংশ্লিষ্ট ফর্মের নির্দেশনা অনুসরণ করতে হবে।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বয়সভিত্তিক অভিবাসন সুবিধার ক্ষেত্রে। পরিবারভিত্তিক অভিবাসন অথবা বিশেষ অপ্রাপ্তবয়স্ক ক্যাটাগরির অনেক আবেদন ২১ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই জমা দিতে হয়। নতুন নিয়ম অনুযায়ী, বয়সসীমার শেষ দিন যদি ছুটির দিনে পড়ে, তবুও অতিরিক্ত সময় দেওয়া হবে না। ফলে নির্ধারিত বয়স অতিক্রম করলে আবেদনকারী স্থায়ীভাবে সেই সুবিধার যোগ্যতা হারাতে পারেন।
এছাড়া যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী এবং তাদের নিয়োগকর্তাদেরও নতুন নিয়ম নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আই-৯৪ নথিতে উল্লেখিত অনুমোদিত অবস্থানের মেয়াদ কোনো ছুটির দিনে শেষ হলেও তা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। ফলে নির্ধারিত সময়ের আগেই নবায়ন বা প্রয়োজনীয় আবেদন সম্পন্ন করতে হবে।
logo-1-1740906910.png)