ফের ডিভি লটারি চালুর নির্দেশ, তালিকায় নেই বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬
যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন কার্যক্রম চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না হওয়ায় আদালতের এ আদেশে দীর্ঘ প্রতীক্ষার পর আবেদন প্রক্রিয়া শুরুর পথ তৈরি হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ১ নভেম্বরের মধ্যে ডিভি লটারির আবেদন গ্রহণ শুরু করতে হবে। একই সঙ্গে আবেদন গ্রহণের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে বলা হয়েছে।
গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ নির্দেশনা দেন। আদালতের আদেশে বলা হয়েছে, নিবন্ধন কার্যক্রম ৩০ দিনের জন্য চালু রাখা যেতে পারে। তবে আবেদনকারীদের যোগ্যতা, চূড়ান্ত সময়সীমা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
ডিভি লটারি কর্মসূচি যুক্তরাষ্ট্রে বৈচিত্র্যময় অভিবাসন উৎসাহিত করার লক্ষ্যে পরিচালিত হয়। প্রতি বছর নির্ধারিত কিছু দেশের নাগরিকরা লটারির মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার জন্য আবেদন করতে পারেন। তবে উচ্চ হারে অভিবাসনের কারণে বেশ কয়েক বছর ধরেই এ কর্মসূচির জন্য অযোগ্য দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। ফলে ২০২৭ সালের ডিভি লটারিতেও বাংলাদেশিদের অংশগ্রহণের সুযোগ থাকছে না।
মামলাটি দায়ের করে যুক্তরাষ্ট্রভিত্তিক আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল। প্রতিষ্ঠানটির অভিযোগ, নির্ধারিত সময়ে নিবন্ধন কার্যক্রম শুরু না করে মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত পুরো কর্মসূচিটি স্থগিত অবস্থায় রেখেছে। এতে সম্ভাব্য আবেদনকারীরা ক্ষতির মুখে পড়ার পাশাপাশি ডিভি লটারি-সংক্রান্ত আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোরও আর্থিক ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করা হয়।
আদালত আবেদনকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে পররাষ্ট্র দপ্তরকে দ্রুত নিবন্ধন কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে। এখন সরকারি ঘোষণার মাধ্যমে বিস্তারিত সময়সূচি প্রকাশের পর ডিভি-২০২৭ কর্মসূচির আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শুরু হবে।
logo-1-1740906910.png)